কলকাতা, ২৫ জুলাই– সেবাশ্রয় শিবিরের দুর্নীতি নিয়ে এবার বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই স্বাস্থ্যশিবিরকে কেন্দ্র করে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার বিবৃতি দিতে গিয়ে নাম না করে সেই অভিষেককে কটাক্ষ করলেন শুভেন্দু।
বললেন, ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) এবং তাঁর শাগরেদদের কাউকে রেয়াত করা হবে না। অভিষেককে ‘চিটিংবাজ ভাইপো’ বলেও আক্রমণ করেন তিনি। শুক্রবার ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয়ের দুর্নীতির অভিযোগ নিয়ে বিধানসভার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারই ভিত্তিতে শনিবার সেবাশ্রয় নিয়ে বিবৃতি দিলেন শুভেন্দু। বিধানসভায় আজ শুভেন্দু অধিকারী বলেন, ‘একটি বড় স্ক্যাম সামনে এসেছে। সেটি হল, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম।’ শুভেন্দু জানিয়েছেন, বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় শিবির নিয়ে বহু অভিযোগ দায়ের হয়েছে। তার পরই তিনি বেশ কয়েকটি ছবি দেখান।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই চিটিংবাজটা কী ভাবে ক্ষতি করেছে দেখুন। বাচ্চাটির হাত গিয়েছে। আর একটি বাচ্চাকে বিকলাঙ্গ করেছে।’ এক মহিলার ছবি দেখিয়ে বলেন, ‘এই দিদির পা বাদ গিয়েছে। এ তো খুনের মামলা। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সবক’টাকে তুলব। সব মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।’