পূর্বতন সরকারের সাফল্য তুলে ধরলেন শোভনদেব, তীব্র বিরোধিতা বিজেপি বিধায়কদের

কলকাতা, ২৫ জুলাই- কালীঘাট তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে এদিন বিধানসভায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। শনিবার অধিবেশন চলাকালীন তৃণমূল আমলের সরকারি সাফল্যের খতিয়ান বর্ণনা করেন তিনি। বর্ষীয়ান বিধায়কের দাবি, তৃণমূলের জমানাতেই দেশের সবচেয়ে নিরাপদ শহর হয়েছে কলকাতা। তাতেই প্রতিবাদ জানান বিজেপির বিধায়কেরা। শুরু হয় হট্টগোল।

পূর্বতন সরকারের সাফল্য বর্ণনা করতে গিয়ে ‘দিল্লির প্রকাশিত রিপোর্ট’ (এনসিআরবি রিপোর্ট)-এর কথা উল্লেখ করেন এই বর্ষীয়ান বিধায়ক। শোভনদেব দাবি করেন, ওই রিপোর্ট অনুযায়ী দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি এ রাজ্যের শ্রীরামপুর থানা। পাশাপাশি ধান উৎপাদনে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে এবং মৎস্যচাষে দ্বিতীয় স্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি। তখনই আপত্তি জানান বিজেপির বিধায়কেরা। বিজেপি বিধায়কদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে রাজ্যে বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ এড়িয়ে নিজেদের সাফল্য প্রচার করছেন শোভনদেব। তৃণমূল সরকারের আমলের বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন করতে যে বর্তমান সরকার তৎপর, তা-ও স্মরণ করিয়ে দেন বিজেপির বিধায়কেরা।   

Sumit Chakraborty: