টানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা, জল জমল কলকাতার নানা প্রান্তে

কলকাতা, ২ সেপ্টেম্বর- জল যন্ত্রণায় বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। মঙ্গলবারের পরে বুধবার আরও বেশি বৃষ্টিপাতের কারণে সমস্যা বেড়েছে। স্কুল, কলেজ, অফিসে যাতায়াতের পথে যানজটের মুখে পড়েছেন শহরবাসী। যানবাহন পেতেও সমস্যা হয়েছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া, পুরুলিয়াও। ভেঙে পড়েছে সেতু।

            বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছিল নিম্নচাপ। তা ক্রমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তার প্রভাবেই সোমবার থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। বুধবার সকাল থেকে কলকাতায় দফায় দফায় চলছে বৃষ্টি। আগামী কয়েক ঘণ্টা এই বৃষ্টি চলতে পারে। পুরসভার পরিসংখ্যান বলছে, বুধবার দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পামার ব্রিজ এলাকায়। তপসিয়ায় হয়েছে ৪৬ মিলিমিটার। বালিগঞ্জে হয়েছে ৪৪ মিলিমিটার বৃষ্টি।

লাগাতার ভারী বৃষ্টিতে বাঁকুড়া জেলায় বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। দুমনি খালের জলের স্রোতে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের জামকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভেঙে গিয়েছে ভাসা সেতু। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দু’দিকের মানুষজনের। স্থানীয়দের দাবি, বছর তিনেক আগে বাঁকুড়া জেলা পরিষদের বরাদ্দ করা টাকায় ওই ভাসা সেতু নির্মাণ করা হয়েছিল। জলস্তর বৃদ্ধি পাচ্ছে বীরভূমের ময়ূরাক্ষী নদীর। বুধবার সকালে ডিম পাড়া বাঁধ থেকে ছাড়া হয়েছে ৯০০০ কিউসেক জল। ফলে নদী পার্শ্ববর্তী এলাকাগুলির প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Sumit Chakraborty: