অনলাইন ডেস্ক, কলকাতা: মঙ্গলবার শাদি ডটকমের প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল এবং আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার থেকে আপাতত দুই সপ্তাহের সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট। একটি বিবাহসূত্র ওয়েবসাইট ব্যবহার করে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেয় শীর্ষ আদালত।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ তেলেঙ্গানা হাই কোর্টের সেই নির্দেশ বাতিল করে দেয়, যেখানে অনুপম মিত্তলের বিরুদ্ধে চলা মামলা খারিজ করতে অস্বীকার করা হয়েছিল। একই সঙ্গে মামলাটি নতুন করে বিবেচনার জন্য আবার হাই কোর্টে পাঠানো হয়। সুপ্রিম কোর্ট অনুপম মিত্তলকে অন্তর্বর্তী জামিনের জন্য হাই কোর্টে আবেদন করার নির্দেশও দেয়।
এই মামলার সূত্রপাত হায়দরাবাদের এক মহিলার অভিযোগ থেকে। তাঁর দাবি, শাদি ডটকমে একটি ভুয়ো প্রোফাইল ব্যবহার করে এক ব্যক্তি তাঁর কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা প্রতারণা করে নেয়। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ব্যবহারকারীদের তথ্য যাচাই করার ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করেনি।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানায়, “মামলা খারিজের আবেদন এখনও মূল বিষয়ের উপর নিষ্পত্তি হয়নি। তাই আমরা হাই কোর্টের আগের নির্দেশ বাতিল করছি এবং মামলাটি merits-এর ভিত্তিতে নতুন করে বিচার করার জন্য ফেরত পাঠাচ্ছি। এই আদালত মামলার মূল বিষয়ে কোনও মতামত দিচ্ছে না।”
আদালত আরও বলে, আগামী আট সপ্তাহের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম জোরজবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। এই সময়ের মধ্যেই অনুপম মিত্তল হাই কোর্টে অন্তর্বর্তী সুরক্ষার আবেদন করতে পারবেন।
অনুপম মিত্তলের পক্ষে সওয়াল করে সিনিয়র আইনজীবী আত্মারাম নাদকর্ণি বলেন, শাদি ডটকম মূলত একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম। “আমি শুধু মানুষকে মিলিয়ে দেওয়ার কাজ করি। আমরা তদন্তে সহযোগিতা করছি। তবুও কেন আমাকে অভিযুক্ত করা হচ্ছে?”—প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ জুন সুপ্রিম কোর্ট তেলেঙ্গানা সরকারকে নোটিস পাঠিয়ে মামলার সব ধরনের কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিল। তার আগে, তেলেঙ্গানা হাই কোর্ট অনুপম মিত্তল এবং এই মামলার অন্য দুই অভিযুক্ত ভিগনেশ ও সতীশের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করতে অস্বীকার করেছিল।