নয়াদিল্লি, ১৮ এপ্রিল : শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে এমনই জানানো হয়েছে। সামনেই তামিলনাড়ু এবং বাংলায় ভোট, তার আগে এই ভাষণে প্রধানমন্ত্রী নতুন কোনও ঘোষণা করবেন কিনা তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।
একাধিক ইস্যু নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। মহিলা সংরক্ষণ আইন সংসদে ব্যর্থ হওয়ার পর, সে নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। কোনও অর্ডিন্যান্স এনে মহিলা সংরক্ষণ কার্যকর করার কথা ভাবা হতে পারে, বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানির সংকট নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন মোদি। অতীতে একাধিকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সচরাচর এই ধরনের ভাষণে প্রধানমন্ত্রী বড় কোনও ঘোষণা করে থাকেন বা দেশবাসীর উদ্দেশে কোনও তাৎপর্যপূর্ণ বিষয়ে বার্তা দিয়ে থাকেন। এবার তিনি কোনও বিষয়ে বলবেন তা নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফেও কিছু বলা হয়নি।
সদ্য সংসদে আটকে গিয়েছে মহিলা সংরক্ষণের সংবিধান সংশোধনী আইন। বিরোধীরা একজোট হওয়ায় ওই সংবিধান সংশোধনী আইনটি আটকে যায়। ওই আইন নিয়ে প্রধানমন্ত্রী কোনও ঘোষণা করতে পারেন। বা দেশের মহিলাদের উদ্দেশে কোনও বার্তা দিতে পারেন। ২০২৩ সালে যে মহিলা সংরক্ষণ আইন পাশ হয়েছিল, সেটা ইতিমধ্যেই কার্যকর করার বিজ্ঞপ্তি দিয়েছে মোদি সরকার। সেই আইন নিয়ে কোনও বার্তা বা ঘোষণা প্রধানমন্ত্রী করতে পারেন। সম্ভাবনা আরও রয়েছে। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। তাতে দেশে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। ধাক্কা খাচ্ছে অর্থনীতিও। সেসব নিয়েও বড় কোনও ঘোষণা করতে পারেন।