খড়্গপুর আইআইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাম-কংগ্রেসকে একযোগা নিশানা

খড়্গপুর, ২১ নভেম্বর- আইআইটি প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে খড়্গপুর আইআইটির অনুষ্ঠানে এবার ‘ব্রেক দ্য রুল’-এর পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ২০৪৭ সালে বিকশিত ভারত গড়তে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা নেতৃত্বদানের ভূমিকায় থাকবেন। আগামী ২ দশক তাই এখানকার পড়ুয়াদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশ কোনও সমস্যার মধ্যে পড়লে তারাই সমাধানে এগিয়ে আসতে পারবেন। এর জন্য পড়ুয়াদের নেশন ফার্স্টের পাঠ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কংগ্রেস এবং বামেদের একযোগে নিশানা করেছেন মোদি।

            শনিবার খড়্গপুর আইআইটির এই বিশেষ অনুষ্ঠানে এসে নাম না করে ইন্দিরা গান্ধীর গরিবি হঠাও কর্মসূচীকে কটাক্ষ করেন তিনি। তিনি জানান, আগে দারিদ্র দূর করার ঘোষণা করেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কোনও নীতি নেওয়া হয়নি। কিন্তু বর্তমানে সেই কাজ করে দেখিয়েছে ভারত। ২০ বছর আগেও দারিদ্রকে বড় সমস্যা বলে দেখা হত। বর্তমান সরকার গরিব মানুষকে শক্তিশালী করার কাজ করেছে। গত ১২ বছরে গরিবদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। ১২ বছরে ৫০ কোটির বেশি মানুষ দারিদ্র সীমার বাইরে। খড়গপুর আইআইটির অনুষ্ঠানে ভারতের এই সাফল্যের কথাই তুলে ধরেন প্রধানমন্ত্রী।

            এদিনের অনুষ্ঠান থেকে বামেদের তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। মোদি দাবি করেছেন, আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে খড়গপুর আইআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই প্রসঙ্গে বলতে গিয়েই বামেদের নিশানা করেন প্রধানমন্ত্রী। তার কথায়, “৫০ বছর আগেই সেমি কন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়।”  বাংলায় শিল্পখরা কাটানোই লক্ষ্য বিজেপি সরকারের। মাত্র ৬ মাসেই রাজ্যে একাধিক সংস্থা বিনিয়োগ করেছে। বেশ কয়েকটি জায়গায় ভূমিপুজোও হয়ে গিয়েছে। এদিনই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, সিঙ্গুরে ট্রাক কারখানা তৈরি হবে।

            কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেছেন, ‘পাঁচ দশক আগে লালকেল্লা থেকে গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল। সেটা নীতিগত সিদ্ধান্ত। সব ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে।’ দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কেন্দ্রের মোদি সরকার ঠিক কী পরিকল্পনা করেছে, তার রূপরেখাও জানান প্রধানমন্ত্রী। শৌচাগার থেকে উজ্জ্বলা যোজনার কথাও উল্লেখ করেন তিনি। ছাত্রছাত্রীদের ‘ব্রেকস দ্য লিমিট’-এর বার্তা দেন মোদি। প্রধানমন্ত্রীর কথায়, “৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের সফর দেখেছে ভারত। পশ্চিমবঙ্গের মাটি সবসময় নতুন আইডিয়া তৈরি হয়। আকাঙ্খা থেকে আত্মনির্ভরতার সফর বিকশিত ভারতের শক্তি। ভারতের উন্নয়নে আইআইটির অনেক বড় ভূমিকা রয়েছে। এখানে ভবিষ্যৎ তৈরির সুযোগ আছে। বিকশিত ভারত তৈরিতে আইআইটি খড়গপুর বড় ভূমিকা নেবে।” তিনি আরও বলেন, “অনেকে নিজেরাই নিজেদের সীমাবদ্ধতা তৈরি করেন। কিন্তু চিন্তাভাবনার সীমাকে ভেঙে ফেলতে হবে। গত কয়েকবছরে ভারত এভাবেই সাফল্য দেখেছে। আমরা সবসময় চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা রাখি। এখন ভারত চিপ রপ্তানি করে। গত ৪ বছরে দেশে সেমিকন্ডাক্টরেও সাফল্য এসেছে।”

            খড়্গপুর আইআইটি-তেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা করেন মোদি। তাদের সঙ্গে কথা বলেন।   

Sumit Chakraborty: