প্রথম দফার ভোটকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, আঁটোসাঁটো নিরাপত্তা

কলকাতা, ২২ এপ্রিল- রাত পোহালেই বাংলায় প্রথম দফার ভোট। আর সেই হাইভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে তৎপরতা তুঙ্গে। রাজ্যের ১৬ জেলার ১৫২ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এদিন জেলাগুলির ডিসিআরসিতে ভোটের সরঞ্জাম সংগ্রহ করার জন্য ভোটকর্মীরা চলে আসেন। আর সেখানে যাতে নিরাপত্তার দিকটি ঠিক থাকে সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

            এবারই প্রথম ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকতে পারবে কেন্দ্রীয় বাহিনী। গোটা ভোট পরিচালনার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশের ভূমিকাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের মধ্যে পুলিশ ঢুকবে না। বাইরে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করবে পুলিশ। প্রতিটি ভোটকেন্দ্রে চারজন করে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। আবার যেসব ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বেশি সেখানে দুই সেকশন পর্যন্ত বাহিনী রাখা হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। নির্বিঘ্নে যাতে ভোটাররা ভোট দিতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে।

            এবার বুথের মধ্যে এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা থাকছে। কেন্দ্রীয়ভাবে সেই ক্যামেরাগুলির ওপর নজরদারি চালাবেন কমিশনের আধিকারিকরা। বুথের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই যাতে কড়া ব্যবস্থা নেওয়া যায় সেই কথা মাথায় রেখে এই ধরনের উন্নত প্রযুক্তির ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। ইতিমধ্যেই নিরাপত্তার বিষয়টি নিয়ে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের আধিকারিকদের বিশেষ বৈঠকও হয়েছে।    

Sumit Chakraborty: