কলকাতা, ২৯ আগস্ট– কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল হেস্টিংস থানার পুলিশ। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে আগেই মমতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই এদিন পদক্ষেপ করল পুলিশ।
শুক্রবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উলপক্ষে কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল রোডে কর্মসূচি পালিত হয়। সেই সভা করার জন্য একাধিক শর্ত বেধে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সভায় দেড় হাজারের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল আদালত। পাশাপাশি বলা হয়েছিল, সভার সময় রোডের একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখতে হবে, যাতে যান চলাচল বিঘ্নিত না হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে সভায় বিপুল জনসমাগম হয়। এর ফলে ক্যাথিড্রাল রোডে পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে যায়। যদিও নিজে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও বিশৃঙ্খলা এড়ানো যায়নি।
ক্যাথিড্রাল রোডের সভায় দেখা যায়, মমতার একবার ইশারা করতেই রাস্তার ওপারে গাছের নিচে থাকা লোকজন ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে মঞ্চের কাছে চলে আসেন। এর জেরে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বাস, গাড়ি চলাচল থমকে যায়। সেই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘দেখলেন তো আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাই কোর্টের অর্ডার ভাঙলেন। রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নিচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন। আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে। আর ওঁনার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। ছাড়া হবে না।’ তারপরেই পদক্ষেপ করল পুলিশ।