ক্যামাক স্ট্রিট কান্ডে অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করল পুলিশ

কলকাতা, ১ সেপ্টেম্বর– ক্যামাক স্ট্রিট কান্ডে শেক্সপিয়র সরণি থানায় এবার হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পরে বাইরে বেরিয়ে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তিনি। সম্প্রতি ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসের বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা কর্মীরা। আর সেই ঘটনাতেই অভিষেককে আজ তলব করে পুলিশ। তবে অভিষেকের যুক্তি, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিল বোর্ড খোলা নিয়ে অতিসক্রিয়তা দেখিয়েছে পুলিশ। ক্যামাক স্ট্রিটের অফিসে হওয়া ফায়ার অডিট নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। থানা থেকে বেরিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘ওঁদের যা ক্ষমতা আছে করুক। পুলিশ, ইনকাম ট্যাক্স সবাইকে কাজে লাগাক।’

            বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘ভয় পাচ্ছে, রাজনৈতিকভাবে লড়তে পারছে না। তাই এসব করছে।’ না থেকে বেরিয়ে অভিষেক জানান, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে যে তৎপরতা দেখা গিয়েছে তা এক মাস আগে বিজেপি সরকার দেখালে তারাপীঠের হোটেল বা মীর্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত না। এতগুলো প্রাণ খোয়াতে হত না। এর পাশাপাশি ভোটের আগে আলিপুর প্রশাসনিক ভবনের আগুন নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তার মন্তব্য, ‘একটা সাইন বোর্ড নামানোর জন্য কলকাতা পুলিশের ১০০০ কর্মী পাঠানো হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য করা হয়েছে।’ তিনি আলিপুরে ইভিএম পুড়ে যাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর কথায়, ‘নির্বাচনের ফলঘোষণার এক মাস পরে আলিপুরে ৪০০০ কন্ট্রোল ইউনিট পুড়ে গেল। তখন ফায়ার অডিট হয়নি।’

            ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেকদের বিরুদ্ধে মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার থানা থেকে বেরিয়ে সেই অভিযোগ উড়িয়ে অভিষেক পাল্টা দাবি করেন, তাঁদের ১৩ জন কর্মীকে ‘অবৈধ ভাবে’ গ্রেফতার করা হয়েছে। তার কথায়, ‘নোটিস ছাড়া গ্রেফতার করা হয়েছে। এ ভাবে গ্রেফতার করা যায় না। অনেক পদ্ধতিগত ত্রুটি রয়েছে।’

Sumit Chakraborty: