বাসব মৈত্র
মৃত্যুর আগে শ্রেষ্ঠ কবিতা ছাপিয়ে মরতে হবে। মৃত্যুর আগে কবিতা সংগ্রহ ছাপিয়ে মরতে হবে। শোভাবাজার লঞ্চ ঘাটে পাঁচ বন্ধু সহযোগে উদ্বোধন।উদ্বোধন বক্তব্যে উঠে আসবে— অলস, লেখাবিমুখ, না লিখতে পারার মধ্যে থেকে কীভাবে ৭৮টা ছোট গল্প, ১৪টা উপন্যাস, ২৮টা প্রবন্ধ, মোট ২৩৮ টা কবিতা লেখা হল।
ঢাউশ খণ্ড নয়, ২৩৭ পৃষ্ঠার গ্রন্থ একটা। সংসার বলতে এই। শখ বলতে এই। ওগো কালচু শিকড়ে আমার কোনো পাঠক নেই। গ্রন্থ উৎসর্গ আছে।উৎসর্গ ঋতুপর্ণ ঘোষ।মৃণাল সেন।
তারপর ইন্টারভিউ, কেন লেখেন? প্রায় কিছু আবৃত্তিযোগ্য কবিতা লিখতে লিখতে মনে হয় না,ফর্মুলা টাইপ সিনেমা বানাচ্ছেন? টেবিল চাপড়ে খিল্লি দিয়ে তখন বলতে হবে, ইয়েস ম্যাডাম, আবৃত্তিযোগ্য কবিতা আমি ভালোবাসি। শ্যামবাজারের ফুটপাথে পড়ে আমার আত্মকথন, বহু রক্তক্ষরণের পর।
মৃত্যুর আগে মধ্যমেধার যৎসামান্য এই কর্মসূচি, ওগো মৃত্যু, ওগো অ্যামবুলেন্স— এটুকু পূরণ করতে দিও। বজ্রগুণনে চলছে, নিজের ভাষা, নিজের সিগনেচার তৈরির কাঠামো— পুনরাবৃত্তিতে ছেয়ে যাক প্রচ্ছদ। শিরোনাম।
তবু, মৃত্যুর আগে।মৃত্যুর আগে তবু শ্রেষ্ঠ কবিতা, গল্প, উপন্যাসসমূহ।