কবিতা : আমি নারী

গোপা রায়

আমি নারী।
কোনো সম্পর্কের পরিচয়ে নই,
নই শুধু কন্যা, কারো জননী, কারো প্রেয়সী হয়ে।

আমি নিজেই একটি পূর্ণ বাক্য,
যার উচ্চারণে ভাঙে শতাব্দীর নীরবতা।

আমি নারী।
যে হাত শুধু শাঁখা সিঁদুরে এয়োবতী হয়ে জুড়ে থাকত সংসারের পরমায়ু প্রার্থনায়,

যে হাত শুধু পরিমিত স্বপ্নে নিকোনো উঠোনে সাজাতো বেঁচে থাকার আলপনা।

সেই হাতে আজ মহাকাশযানের বিজ্ঞান,
দেশের ভবিষ্যৎ, জাতির সম্মান।

আমি নারী।
আমার পোশাক নিয়ে তোমাদের শর্ত,
আমার স্বপ্ন নিয়ে তোমাদের সংশয়, যার জন্য যুগের পর যুগ রেখেছ শৃংখল।
সেই শৃংখল হাতেই ধরেছি শস্যের বীজ, গড়েছি স্বপ্নের উদ্যান।

আমি নারী।
আমি ভেঙেছি, আমি ভাঙতে ভাঙতে গড়েছি নিজেকে আবার।
আমি পুড়তে পুড়তে হয়েছি নিখাদ স্বর্ণ।

আমি নারী।
আমার শেকড় রেখেছি ধানক্ষেত থেকে কারখানায়, গবেষণাগার থেকে আদালতের সর্বোচ্চ আসনে–
রণক্ষেত্রের দূর্বার মাটিতে।

আমি নারী।
কখনো ভেঙেছি প্রথার প্রাচীর– কঠিন বজ্রপাতে,
আমি নারী।

আমি নারী।
আমি ইতিহাস,
আমি বর্তমান,
আমি ভবিষ্যৎ,
আমি মানুষ,
আমি সৃষ্টির সমান অংশীদার।

আমি নারী।
যে সমাজ কেড়ে নিতে চেয়েছিল আমার অক্ষর,
আমি তাকেই দিয়েছি ভাষা।
যে হাত কেড়ে নিতে চেয়েছিল আমার সম্ভ্রম,
আমি তাকেই দিয়েছি বোধ।

নারী দিবস কোন একদিনের উদযাপন নয়।
এ এক দীর্ঘ মেয়াদি সংগ্রামের উপর লাল সিলমোহর।

Sumit Chakraborty: