কবিতা : ঘর ছাড়া

সুমিতা চক্রবর্তী (ভট্টাচার্য)

নিশিথ রাতের নীরব আকাশ
বকুল বিছানো ছায়।
চাঁদ বুড়ি তার মায়া ছড়াইত
ভরপুর জোছনায়।

ঘর ছাড়া এই পাগলিটাকে
আগলালে বুক জুড়ে।
ছন্নছাড়া দিক হারা মেয়ে
যায় নাই আর ফিরে।

দূর পানে চেয়ে খুঁজে ফিরে মেয়ে
শৈশব কৈশোর।
আধো ঘুমে বোজা মায়ের দু’চোখ
চৈতি তপ্ত দুপুর।

দিনে দিনে বুকে জমা হতে থাকে
অসংখ্য নোনা ঢেউ।
গাঢ় থেকে গাঢ় আঁধার ঘনায়
আজ বুঝি নেই কেউ।

চাঁদ বুড়ি আজও ছড়াইছে আলো
পৃথিবীর পাড়াতে।
একা বসে মেয়ে বাতায়ন পথে
তাহারি অপেক্ষাতে।

Sumit Chakraborty: