কলকাতা, ২৫ আগস্ট- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সভাকে কেন্দ্র করেও বিগত কয়েকদিন ধরে কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল। শেষপর্যন্ত মেয়ো রোডে সভা করতে চেয়ে দুই শিবির আদালতের দ্বারস্থ হয়। আর তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীকেই শর্তসাপেক্ষে প্রতিষ্ঠা দিবস পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার (২৮ অগস্ট) টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। এত বছর এই দিনে ধর্মতলায় মেয়ো রোডে সভা করত তৃণমূলের ছাত্রশাখা। এ বার দলে বিভাজনের পরও দুই গোষ্ঠীই চেয়েছিল মেয়ো রোডে সভা করতে। তবে আদালত কাউকেই মেয়ো রোডে সভার অনুমতি দেয়নি। হাইকোর্টের নির্দেশ কালীঘাটপন্থী তৃণমূল ওই দিন ক্যাথিড্রাল রোডে কর্মসূচি করবে। ঋতব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে।
দুই গোষ্ঠীই কর্মসূচিতে কত জনের জমায়েত করতে পারবে, তা বেঁধে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, দুই গোষ্ঠীর সভাতেই ১৫০০ জনের বেশি সমাগম করা যাবে না। কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থী উভয় গোষ্ঠীকেই সভার সময়ও বেঁধে দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছেন। শুনানির একটি পর্যায়ে তৃণমূলের দুই গোষ্ঠীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘একযোগে অনুষ্ঠান করুন। ব্রিগেডে ১০ হাজার জমায়েতের অনুমতি দেব।’ দীর্ঘ শুনানির পরে শর্ত বেঁধে দিয়ে দুই শিবিরকে দুই জায়গায় সভা করার অনুমতি দেয় আদালত।