আনন্দিতা সরকার
আপনার পরিবারের কেউ কি গানের জগতের সঙ্গে যুক্ত ছিলেন?
আমার পরিবারে দূরদূরান্তেও এমন কেউ নেই, যিনি চাকরি করেছেন বা গানের জগতের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের পরিবার মূলত ব্যবসাভিত্তিক। চাকরি কিংবা গানবাজনার তেমন কোনও প্রচলন ছিল না।
তাহলে আপনাকে কি পরিবারের প্রথম পাথব্রেকার বলা যেতে পারে?
বিষয়টা ঠিক সেরকম নয়। আমি প্রথম প্রজন্মের মানুষ, যিনি পেশাগতভাবে চাকরি করার পাশাপাশি গান নিয়ে ভাবনাচিন্তা করছি। এর পিছনে সবচেয়ে বড় অবদান আমার মা-বাবার। তারা আমাকে সেই সুযোগ ও স্বাধীনতা দিতে পেরেছেন, যার ফলে নিশ্চিন্তে পড়াশোনা করার পাশাপাশি গান নিয়েও এগিয়ে যেতে পেরেছি। হয়তো আমার মা-বাবা নিজেদের জীবনে এই সুযোগগুলো পাননি। আমি চাকরি করে অর্থ সঞ্চয় করেছি এবং সেই অর্থই গানবাজনার পিছনে বিনিয়োগ করেছি। কারণ গান আমার ভেতর থেকে আসে, এটা আমার ভালোবাসার জায়গা।
গানের চর্চা কি ছোটোবেলা থেকেই শুরু করেছিলেন?
আমি কারও কাছে নিয়মিত গান বা গিটার শিখিনি। ছোটোবেলায় বাড়িতে অতিথিরা এলে মা আমাকে সবার সামনে গান গাইতে বলতেন। পরবর্তী সময়ে মেট্রোর ওয়াই-ফাই ব্যবহার করে ভিডিও ডাউনলোড করতাম এবং ইউটিউব দেখে যতটা সম্ভব শেখার চেষ্টা করতাম। কখনও পরিচিত কোনও দাদা বা কারও কাছ থেকে গিটার নিয়ে একটু অনুশীলন করতাম। এর বাইরে আলাদা করে কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি।
তাহলে কি আপনার গানের প্রতিভাকে ঈশ্বরপ্রদত্ত বলা যায়?
আমি বিষয়টাকে সেভাবে দেখি না। কারণ আজ থেকে সাত বছর আগে যদি কেউ আমার গান শুনতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন তখন আমার গানের অবস্থান কোথায় ছিল। আজ যতটুকু গাইতে পারি, তার অনেকটাই নিয়মিত অনুশীলনের ফল। এমন নয় যে আমি এখন খুব ভালো গান করি। হয়তো আগামী পাঁচ বছর পর আরও ভালো জায়গায় পৌঁছতে পারব। কিছুটা প্রতিভা থাকলেও বাকিটা সম্পূর্ণ চর্চার ফল বলেই মনে করি।
আমজনতা থেকে শুরু করে সেলিব্রিটি—অনেকেই আপনার গানে কোমর দুলিয়েছেন, পা মিলিয়েছেন। ধীরে ধীরে যখন ‘হই হই…কোমর দুলে..দুগ্গা মা আসছে বলে…’ গানটি জনপ্রিয় হয়ে উঠছিল এবং ইনস্টাগ্রাম, ফেসবুক-সহ বিভিন্ন মাধ্যমে গানটি নিয়ে চর্চা শুরু হয়, তখন আপনার অনুভূতি কেমন ছিল?
আমি খুবই সীমিত পরিচিতির একজন মানুষ ছিলাম। এর আগেও ইউটিউবে আমার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে এবং প্রায় পাঁচশো থেকে হাজার জনের মতো শ্রোতার একটি ছোট্ট অডিয়েন্স তৈরি হয়েছিল। কিন্তু যখন দেখলাম এই গানটি বিভিন্ন রাজ্য এবং দেশে-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে যেখানে বাঙালি কমিউনিটি রয়েছে, সেখানে গানটি নিয়ে আলোচনা হচ্ছে, তখন বিষয়টা বেশ ভালো লাগছিল। আমি আসলে কোনও নির্দিষ্ট ছক মেনে গান তৈরি করি না। সিনেমার গানের ধরন বা প্রচলিত প্যাটার্নের সঙ্গে আমার কাজের ধরন কিছুটা আলাদা। যেভাবে লিরিক্স সাজাই বা কম্পোজিশন তৈরি করি, তাতে অনেক সময় গান বেশ বড় হয়ে যায়। অনেকে মনে করেন, এত বড় গান হয়তো শ্রোতারা গ্রহণ করবেন না। কিন্তু এই জায়গাটাতেই আমার মনে হয় আমি জিতে গিয়েছি। কারণ গানটি যদি বিনোদনমূলক হয় এবং মানুষের ভালো লাগে, তাহলে লিরিক্স বা গানের দৈর্ঘ্য কোনও বাধা হয়ে দাঁড়ায় না। আমার আগের গানগুলো সেভাবে জনপ্রিয় হয়নি, কারণ অনেকেই সেগুলোর কথা জানতেন না। যেমন ‘অচিন পাহাড়…’ বা ‘ধীরে…’ গানগুলোর অস্তিত্ব সম্পর্কে অনেকেরই ধারণা ছিল না। পরে দুর্গাপুজোর সময় ‘দুগ্গা মা আসছে…’ গানটির রিলস তৈরি হতে শুরু করলে ধীরে ধীরে গানটির রিচ বাড়তে থাকে। প্রথমদিকে বিষয়টা খুব ভালো লাগত। এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে আমি এটাও জানি, আগামী দিনে আমার যে গানগুলো প্রকাশিত হবে, সেগুলো হয়তো একইভাবে জনপ্রিয়তা পাবে না। মানুষ হয়তো আমাকে মূলত ‘হই হই…’ গানটির জন্যই চিনবেন। সেটাও আমার কাছে আনন্দের বিষয়। গানটি স্পটিফাইয়ে এক মিলিয়ন পেরিয়ে গেছে এবং ইউটিউবে প্রায় দশ মিলিয়ন (লেখা ছাপা না হওয়া পর্যন্ত) ভিউ পেয়েছে।
এই গানটির পর আপনার একটি পরিচিতি তৈরি হয়েছে এবং শ্রোতাদের মধ্যেও প্রত্যাশা বেড়েছে। অনেকেই হয়তো ভাবছেন, পরবর্তী কোনও অনুষ্ঠান বা বিশেষ মরশুমে আপনার নতুন গান আবারও শুনতে পাবেন। এই প্রত্যাশা নিয়ে আপনার কী ভাবনা?
আমি আগেও বিভিন্ন জায়গায় বলেছি, আমার কাছ থেকে খুব বেশি প্রত্যাশা না রাখাই ভালো। কারণ আমার গান তৈরির ক্ষেত্রে কিছু নিজস্ব ভাবনা রয়েছে। দুর্গাপুজো এলেই পুজোর গান, বিশ্বকর্মা পুজো এলেই ঘুড়ি নিয়ে গান কিংবা কালীপুজো এলেই বাজি নিয়ে গান তৈরি করতে হবে— এমন কোনও ভাবনা আমার মধ্যে কাজ করে না। আমি গানকে এই মরশুমভিত্তিক প্রত্যাশা থেকে একটু আলাদা রাখতে চাই। মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি গান তৈরি করতে বসি, তাহলে হয়তো একসময় গান আর শিল্পের জায়গায় থাকবে না। রামনবমি, ঈদ, বড়দিন কিংবা দুর্গাপুজো— প্রতিটি উৎসবকে কেন্দ্র করে গান তৈরি করার বাধ্যবাধকতার মধ্যে আমি নিজেকে আটকে রাখতে চাই না। আমার ভেতর থেকে যে ভাবনা আসবে, সেটাকেই গানে রূপ দিতে চাই। ‘খোশ মেজাজে…’ গানটি যেমন সম্পূর্ণ আমার মনের ভাবনা থেকেই তৈরি হয়েছিল। বর্তমানে একটি অ্যালবাম নিয়েও কাজ করছি। আমি জানি, ‘দুগ্গা মা আসছে..’ গানটির মাধ্যমে যে শ্রোতারা আমার সঙ্গে পরিচিত হয়েছেন, তারা হয়তো আমার আগামী গানগুলো একইভাবে গ্রহণ করবেন না। তবুও গান ভালোবেসেই তৈরি করছি এবং আগামী দিনেও সেটাই করতে চাই।
ভবিষ্যতে হয়তো আপনার কাছে বড় কোনও প্রজেক্টের অফার আসবে। সেক্ষেত্রে কীভাবে এগোতে চান?
বড় প্রজেক্ট বলতে মূলত সিনেমার গানকেই বোঝায়। প্রেমের গান বা অন্যান্য ছোটখাটো কিছু প্রজেক্টের কথা অবশ্য আমার কানে এসেছে। আমার গান লেখার ধরন বা ক্ষমতা খুব একটা সিনেমা কিংবা বাণিজ্যিক ঘরানার নয়। তবে কোনও প্রযোজক বা পরিচালক যদি আমাকে দিয়ে নতুন ধরনের কোনও পরীক্ষা-নিরীক্ষা করাতে চান, তাহলে নিশ্চয়ই ভেবে দেখব। সেক্ষেত্রে আমি তাকে কিছুটা সময় দিতে বলব। কারণ আমার ভেতর থেকে যদি কোনও ভাবনা না আসে, তাহলে সেই কাজটা করা আমার পক্ষে কঠিন। খুব বেশি অঙ্ক কষে বা পরিকল্পনা করে গান তৈরি করতে পারি না। যে কাজের প্রতি নিজের ভেতর থেকে বিশ্বাস বা ভালো লাগা তৈরি হয় না, সেই কাজ করতে আমি স্বচ্ছন্দ নই।
আপনি জানিয়েছিলেন, গানটি তৈরি করার সময় নিজের প্রেমিকাকে সামনে রেখেই ভাবনাটি এসেছিল। গানটি যখন ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিতে শুরু করল, তখন তার প্রতিক্রিয়া কেমন ছিল?
গানটি জনপ্রিয় হওয়ায় প্রথমদিকে সে খুবই খুশি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই গানকে কেন্দ্র করে এত রিলস তৈরি হতে শুরু করল যে বিষয়টি আমাদের কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে গেল। মাঝে মাঝে হয়তো একটু বিরক্তও হয়ে যায়। একসময় ওর প্রতিক্রিয়া ছিল, ‘এত রিলস দেখার পর আর মনে হচ্ছে না গানটা আমাকে নিয়ে লেখা। এবার আর নিতে পারছি না!’ (হাসি)
গানটি তো গত বছর মুক্তি পেয়েছিল?
হ্যাঁ, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর গানটি মুক্তি পেয়েছিল। এই কাজটিতে আমার সঙ্গে ছিলেন প্রতিভাবান শিল্পী জাকির উদ্দিন খান, যিনি এর আগেও অনেক ভালো কাজ করেছেন। গানটি প্রকাশ করেছিল এসি মিউজিক রেকর্ডস-এর অর্ণব (চৌধুরী)-দা । তার মাধ্যমেই গানটি শ্রোতাদের কাছে পৌঁছয়। তিনি স্বাধীনভাবে কাজ করা শিল্পীদের যথেষ্ট সাহায্য করেন।
বাড়ির মানুষজনের প্রতিক্রিয়া কেমন? তারা নিশ্চয়ই খুব খুশি?
প্রথমদিকে তারা হয়তো বিষয়টির ব্যাপকতা সেভাবে বুঝতে পারেননি। কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে পুজোর সময় যখন গানটি এতটা জনপ্রিয়তা পেতে শুরু করল এবং আশপাশের মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে পেলেন, তখন তারা সত্যিই খুব খুশি হয়েছেন।
পেশায় আপনি একজন ইঞ্জিনিয়ার। পেশার পাশাপাশি নিজের ভালোবাসার জায়গা গান—ভবিষ্যতে এই দুটোকে কীভাবে সামলাতে চান?
বিষয়টি নিয়ে আমিও এখনও পুরোপুরি ভেবে উঠতে পারিনি। কারণ একইসঙ্গে দুটো ক্ষেত্রকে সমান সময় দিতে পারব, নাকি একটা সময়ে কোনও একটিকে বেছে নিতে হবে, সেটা এখনই বুঝতে পারছি না। সত্যি বলতে, আমি গান নিয়েই থাকতে চাই। কিন্তু গান থেকে যদি পর্যাপ্ত উপার্জন না হয়, তাহলে সেই ভালোবাসার জায়গাটাই একসময় আমার কাছে চাকরির মতো হয়ে উঠতে পারে। সেটা আমি চাই না। চাকরির ক্ষেত্রে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করতে রাজি আছি। কিন্তু গানের ক্ষেত্রে অন্যের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে নিজের সৃজনশীলতাকে বিসর্জন দিতে চাই না। একইসঙ্গে পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টিও আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আপাতত হয়তো দুটো দিকই সামলে চলতে হবে। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব, কোন পথে এগোনো উচিত।
আপনার গানে কথা ও সুর— দুটোই আপনার নিজের। ভবিষ্যতে অন্য কারও লেখা বা সুর করা গানেও কি কণ্ঠ দিতে চান?
অবশ্যই। ভালো কথা ও সুরের কোনও গান পেলে আমি অবশ্যই তাতে কণ্ঠ মেলাতে চাইব। এমন কিছু কাজ ইতিমধ্যেই আমার হাতে রয়েছে, যেখানে কথা ও সুর অন্য কারও হলেও নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ রয়েছে। দিনের শেষে আমি একজন গায়ক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।