আনন্দিতা সরকার
‘এক দিন’ সিনেমায় নতুন জুটি। সঙ্গে আমির খানের প্রযোজনা। আবেগঘন প্রেমের গল্প ইতিমধ্যেই দর্শকের মনে আগ্রহ তৈরি করেছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। লিখছেন আনন্দিতা সরকার।
মনসুর খান ও আমির খানের পুনর্মিলন বললে ভুল বলা হবে না। ‘কয়ামত সে কয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘জানে তু ইয়া জানে না’-এর মতো কালজয়ী রোম্যান্টিক ছবির স্রষ্টা। এই জুটি আবারও প্রেমের গল্পে ফিরছেন যা স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়িয়েছে।
বলিউডে নতুন প্রজন্মের সূচনা আর পুরোনো আবেগের মেলবন্ধন— এই দুইয়েরই প্রতিশ্রুতি নিয়ে আসছে আসন্ন হিন্দি ছবি ‘এক দিন’। ছবির কেন্দ্রে রয়েছেন আমির খান পুত্র নবাগত জুনেইদ খান এবং দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। আর এই প্রজেক্টের মূল ভরসার জায়গা হল, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি এই ছবির প্রযোজক।
ছবি মুক্তির দিন ১ মে নির্ধারিত হলেও, মুক্তির প্রায় মাসখানেক আগে আগেই অগ্রিম বুকিং শুরু করে চমক দিয়েছেন আমির। তার মতে, ছবির দুই মুখই বলিউডে তুলনামূলক নতুন— ‘এক দিন’ সিনেমার মাধ্যমেই জুনেইদের কেরিয়ারের শুরু, আর হিন্দি ছবিতে সাই পল্লবীর এটি প্রথম কাজ। তাই দর্শকের কাছে পৌঁছতে একটু বেশি সময় দেওয়া জরুরি। সিনেমা মুক্তির আগে চলা বিভিন্ন ধরনের প্রস্তুতিকেই আমির খান সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখছেন।
আমিরের কথায়, এই গল্পের মধ্যে দর্শক খুঁজে পাবেন একটি আবেগঘন, বিশ্বাসযোগ্য প্রেমের কাহিনি, যা আজকের দ্রুতগতির জীবনে আলাদা করে নিখাঁদ ভালোবাসার স্পর্শ দিতে পারে। ‘এক দিন’-এর ট্রেলার ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। মুম্বইয়ের কর্পোরেট জীবনের একঘেয়েমি থেকে শুরু হয়ে গল্প পৌঁছায় জাপানের মনোরম প্রেক্ষাপটে। জুনেইদের চরিত্র– এক লাজুক, অন্তর্মুখী যুবক, যে একই অফিসে কর্মরত প্রাণবন্ত সাই পল্লবীকে ভালোবাসে, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। গল্পে মোড় আসে জাপানে এক দুর্ঘটনার পর। এক বিরল স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হয় সাই পল্লবীর চরিত্র। সে শুধু জুনেইদের চরিত্রকেই মনে রাখতে পারে। এই অদ্ভুত পরিস্থিতি থেকেই ধীরে ধীরে জন্ম নেয় এক গভীর, আবেগময় প্রেমের গল্প।
ছবির প্রচারে এসে সাই পল্লবী অকপটে স্বীকার করেছেন, হিন্দি ভাষায় তিনি এখনও পুরোপুরি সাবলীল নন। মাঝেমধ্যে ইংরাজিতে কথা বলার জন্য ক্ষমাও চেয়েছেন। তবে তার আন্তরিকতা এবং অভিনয়ের দক্ষতা ইতিমধ্যেই দর্শকের আস্থা অর্জন করেছে। আজকের দ্রুতগামী, বাস্তববাদী সময়ে যেখানে রোম্যান্টিক গল্প অনেকটাই আড়ালে, সেখানে ‘এক দিন’ এক স্নিগ্ধ, আবেগঘন প্রেমের বার্তা নিয়ে আসছে। ট্রেলারের প্রতিটি দৃশ্যে রয়েছে আশা, সম্পর্ক আর জীবনে ঘটে চলা ছোট ছোট মিরকল বা জাদুর ইঙ্গিত।
নতুন জুটি, পুরোনো আবেগ, আর আমির খানের অভিজ্ঞ প্রযোজনা— সব মিলিয়ে এই ছবি দর্শকের মনে আলাদা জায়গা করে নিতে পারে, সেই আশা করাই যায়। এখন দেখার, ১ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের ভালোবাসা কতটা পায় ‘এক দিন’ সিনেমা।