৫ মে দিদি ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে, আত্মবিশ্বাসী শাহ

বলাগড়ের সভায় অমিত শাহ

কলকাতা, ২৩ এপ্রিল- বাংলার নির্বাচনী প্রচারে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জোরদার প্রচার করছেন, অন্যদিকে তখন নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হুগলি জেলার বলাগড় এবং পুড়শুড়ার জোড়া সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শাহ। পরিচিত ভঙ্গিতে হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে তার গলায়। সভার ফাঁকে দলীয় কার্যালয়ের নির্বাচনী ওয়ার রুমেও বেশ কিছুটা সময় কাটান তিনি।

            বলাগড়ের সভা থেকে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘৫ মে বাংলায় বিজেপির সরকার গড়ছে আর দিদি ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছেন।’ অনুপ্রবেশ ইস্যুতে তার কড়া হুঁশিয়ারি, ‘বিজেপি সরকার গঠন করার পর অনুপ্রবেশকারীদের বেছে বেছে এই রাজ্য থেকে তাড়ানো হবে। এরা বাংলার যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে এবং গরিবদের অন্ন ধ্বংস করছে।’ পুড়শুড়ার সভা থেকে শাহের হুঁশিয়ারি, ‘দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে তারা যেন ঘরের বাইরে না বার হয়।’ মহিলাদের উদ্দেশ্যে শাহের বার্তা, ‘৫ তারিখের পর, সন্ধ্যা ৭টা তো দূর, মাঝরাতেও যদি কোনও অল্পবয়সি মেয়ে বাড়ির বাইরে বার হয়, তা হলেও কোনও গুন্ডার হিম্মত হবে না তার দিকে চোখ তুলে তাকানোর।’

            বাংলায় বিপুল ভোটদান নিয়েও মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি করেছেন, বাংলায় বিজেপির সরকার শুধুই সময়ের অপেক্ষা। তিনি বলেন, ‘৫ তারিখের পর আপনার এবং ভাইপোর সময় শেষ হবে। এখানে বিজেপির সরকার তৈরি হবে। এসআইআর ছাড়ুন। এক এক করে অনুপ্রবেশকারীকে বাইরে পাঠাব। দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে ঘরের বাইরে বেরোবে না। আরামবাগবাসীকে বিরক্ত করলে উল্টো ঝুলিয়ে সোজা করব। প্রথম দফায় দিদির কোনও গুন্ডার হিম্মত হয়নি, ভোটদাতাদের আঙুল তুলে দেখায়। যে ভাবে ৮০ শতাংশ ভোট হয়েছে, এটাই স্পষ্ট দিদির যাওয়ার সময় হয়েছে।’ পুরশুড়ার সভায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে মমতাকে কটাক্ষ করে শাহ বলেন, “নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয়। তাই তিনি অখুশি হয়ে খালি ‘ওয়া ওয়া ওয়া’ করছেন।” বাংলায় বিজেপির সরকার ক্ষমতায় এলে আলুর বীজ উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Sumit Chakraborty: