ব্রিগেডে শপথগ্রহণ, শুক্রবারই বঙ্গে শাহ

কলকাতা, ৭ মে– শনিবার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির অন্দরে তৎপরতা তুঙ্গে। ওইদিন ব্রিগেড ময়দানে শপথের অনুষ্ঠান হবে বলে বুধবার ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নতুন সরকারের নেতৃত্বে অর্থাৎ মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে এদিন ব্রিগেডে প্রস্তুতি দেখতে যান বিজেপির একটি প্রতিনিধিদল। যান কলকাতার পুলিশ কমিশনার।

            এই আবহেই শুক্রবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ কলকাতায় পৌঁছবেন তিনি। তারপর ২ টো থেকে পরিষদীয় দলের বৈঠকে বসবেন। পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী বেছে নেওয়া এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতির জন্যই শাহের এই সফর। বৈঠকের পরে সরকার গড়ার আবেদন জানিয়ে লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবে বিজেপির পরিষদীয় দল। পরের দিন অর্থাৎ শনিবার ব্রিগেডে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের। এছাড়াও বিজেপিশাসিত কুড়ি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন বলে খবর।

            কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে শাহের যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে কৃষ্ণ মেনন মার্গের বাসভবন থেকে বেরিয়ে দিল্লির পালাম বিমানবন্দরে যাবেন শাহ। ১০টা ৪০ মিনিটে তাকে নিয়ে কলকাতার উদ্দেশে উড়বে বিএসএফের বিমান। ১২টা ৪০ মিনিটে বিমানটির কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা। সেখান থেকে সড়কপথে ১টা নাগাদ নিউ টাউনের হোটেলে পৌঁছোনোর কথা শাহের। ওই হোটেলে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক করার কথা তার।

            শপথগ্রহণের দিনে সকাল সাড়ে দশটায় ব্রিগেডে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। আর সেই হাইভোল্টেজ শপথগ্রহণের অনুষ্ঠানের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না বিজেপির রাজ্য নেতৃত্ব। এদিন ব্রিগেডে যান বিজেপি নেতা দেবজিৎ সরকার। তিনি বলেন, এত বড় একটি অনুষ্ঠানের নিরাপত্তা তো আঁটোসাঁটো থাকবেই। আমাদের দিক থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Sumit Chakraborty: