অনলাইন ডেস্ক, কলকাতা: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ২৫ বছর বয়সি এক নার্স হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা গেছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক এ তথ্য জানিয়েছেন।
জানুয়ারির শেষ দিকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে সরানো হয়েছিল। যদিও নিপা সংক্রমণ থেকে তিনি সেরে উঠেছিলেন, তবে একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানান ওই আধিকারিক।
তিনি বলেন, “বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। নিপা থেকে সুস্থ হলেও নানা জটিলতা ছিল।”
চলতি বছরের শুরুতে রাজ্যে যে দু’জন স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাস ধরা পড়েছিল, তাঁদের মধ্যে তিনি ছিলেন একজন। অপরজন, এক পুরুষ নার্স, সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
মৃত নার্স পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন কোমায় থাকার কারণে তাঁর রোগপ্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল। চিকিৎসার সময় তাঁর ফুসফুসে সংক্রমণ হয় এবং হাসপাতাল-জনিত সংক্রমণেও আক্রান্ত হন।
স্বাস্থ্য দফতরের আধিকারিক জানান, “তিনি ধীরে ধীরে চেতনা ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন। হাত-পা নাড়ানো ও কথা বলার চেষ্টাও করছিলেন। কিন্তু হঠাৎই অবস্থার অবনতি হয়। বিকেল প্রায় ৪টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।”
গত ৩১ ডিসেম্বর নববর্ষের ছুটিতে বাড়ি ফেরার পর জানুয়ারির শুরুতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বারাসতের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।