বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬

শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

 শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনলাইন ডেস্ক, কলকাতা: কলকাতার লোকভবনে (রাজভবন) শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার সকালে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথের আগে ও পরে জাতীয় গান ‘বন্দে মাতরম্’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ বাজানো হয়। শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নতুন রাজ্যপাল।

সিভি আনন্দ বোসের ইস্তফার পর পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্র নারায়ণ রবিকে। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। বুধবারই কলকাতায় পৌঁছন বোসের উত্তরসূরি।

তামিলনাড়ুতে রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন রবি। বিভিন্ন বিল ঘিরে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে। এমনকি রাজ্যপালকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন জানিয়েছিল ডিএমকে সরকার।

এদিকে, সিভি আনন্দ বোসের হঠাৎ ইস্তফা ঘিরে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর রাজ্যপাল রবির নাম পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে ঘোষণার পর সমাজমাধ্যমে তিনি লেখেন, বোসের আচমকা পদত্যাগে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের চাপ থাকতে পারে বলেও তাঁর আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *