সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি মেটাতে এবার চুক্তির ভিত্তিতে চিকিৎসক নিয়োগের ভাবনা

কলকাতা, ২৬ আগস্ট– সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘাটতি মেটাতে এবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের চুক্তির ভিত্তিতে নিয়ে আসার কথা ভাবছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত চিকিৎসকদের সরকারি হাসপাতালে নিয়োগ করে আপাতত শূন্যপদ পূরণ করা হবে, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা (প্রাইভেট প্র্যাকটিস) নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বাস্থ্য ভবন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা নিয়ে বিতর্ক ঠেকাতেই বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে নজর দিচ্ছে সরকার।

            সম্প্রতি স্বাস্থ্য ভবনের একটি নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে কোনও চিকিৎসকের তত্ত্বাবধানে যে দিন রোগী ভর্তি হবেন, সেই দিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ওই চিকিৎসক ‘প্রাইভেট প্র্যাকটিস’ করতে পারবেন না। এতে চিকিৎসকদের একাংশ অসন্তুষ্ট। তাঁদের বক্তব্য, সরকারি হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘাটতি রয়েছে। অনেকেই সপ্তাহে দু’দিন ‘অ্যাডমিশন ডে’ পান। অর্থাৎ, তাঁর তত্ত্বাবধানে দু’দিন রোগী ভর্তি হন। নতুন নির্দেশিকা কার্যকর হলে এই সমস্ত চিকিৎসক ‘প্রাইভেট প্র্যাকটিস’-এর সুযোগই পাবেন না টানা ছ’দিন। এই সমস্যা কাটাতেই এবার বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক আনার কথা ভাবছে সরকার।

            স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা ও মহকুমা স্তরে বিশেষজ্ঞ চিকিৎসকদের এই ঘাটতি মেটাতে কলকাতার নামী কর্পোরেট হাসপাতালের চিকিৎসকদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। চুক্তিপত্রও তৈরি হয়ে গিয়েছে। এই সমস্ত চুক্তিভিত্তিক চিকিৎসকেরা কত পারিশ্রমিক পাবেন, তা ঠিক করতে মঙ্গলবার শারদ্বত একটি বৈঠক করেছেন। বৈঠকের পরে বলেছেন, ‘আমরা খুব শীঘ্র এমন জায়গায় পৌঁছে যাব যে, সরকারি হাসপাতালে কোন‌ও চিকিৎসককে দু’দিন করে ‘অ্যাডমিশন ডে’ দিতে হবে না। চিকিৎসকদের উপর চাপ কমাতে আমরা একটা পদক্ষেপ করতে চলেছি। প্রতিটি জেলা, মহকুমা স্তরে স্নাতকোত্তর ডিগ্রিধারী এমন অনেক স্থানীয় ডাক্তার রয়েছেন, যাঁরা সরকারি স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত নন। আমরা সেই চিকিৎসকদের চুক্তির ভিত্তিতে যুক্ত করে নেব।’

Sumit Chakraborty: