জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে উত্তপ্ত মেডিক্যাল কলেজ, পরিষেবা বন্ধ করা চলবে না, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

কলকাতা, ১৯ নভেম্বর- কলকাতা মেডিক্যাল কলেজে আট ইন্টার্নকে শো-কজের প্রতিবাদে এবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকেরা। আর সেই আন্দোলনের নেপথ্যে মানসিক মাওবাদী, নকশালপন্থীদের কাঠগড়ায় তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তার দাবি, ঘোমটার আড়ালে অতিবামপন্থীদের তাণ্ডব চলেছে মেডিক্যাল কলেজে। ই ঘটনার তদন্তে ৩ চিকিৎসকের তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্যভবন। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের এমএসভিপির সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী।
ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘ইন্টার্নদের শোকজের প্রতিবাদে যারা মেডিক্যাল কলেজে তাণ্ডব চালিয়েছে, তারা আসলে মানসিক মাওবাদী, নকশালপন্থী। প্রিন্সিপাল, সুপার, এমএসভিপি, অধ্যাপক, বিভাগীয় প্রধানদের গালিগালাজ অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আদলা ইট মেরে জানলা ভাঙা হয়েছে। এমন কিছু ভাষার ব্যবহার হয়েছে, তা প্রকাশ্যে আসলে গোটা চিকিৎসক সমাজের অসম্মান হবে। যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, তাদের বলা হচ্ছে চামড়া গুটিয়ে দেব! এ আচরণ লজ্জার। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মেডিক্যাল রিপোর্ট সামনে এনে শারদ্বত বলেন, ২ চিকিৎসক অধ্যাপকের উপর হামলা চলেছে। তাঁর কথায়, “১০-১৫ জন বহিরাগত নিজেদের ১২৫০ জন ইন্টার্নদের প্রতিনিধি দাবি করে তাণ্ডব চালিয়েছে।” স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘মেজিক্যাল কলেজে রাজনীতি করা চলবে না। ডিএসও হামলা চালিয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে অধ্যক্ষকে। এঁরা মানসিক ভাবে মাওবাদী। নকশালরা হাসপাতালে অরাজকতা চায়। পাথর ছোড়া হয়েছে। গায়ে হাত তোলা হয়েছে।’ এ দিন স্বাস্থ্য ভবন দিবাকর হালদার (এম‌এসভিপি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন), সোমনাথ দে (বিভাগীয় প্রধান, অ্যানাস্থেসিওলজি, কলকাতা মেডিক্যাল কলেজ) এবং দীপঙ্কর রায় (গ্যাস্ট্রোএনটারোলজি, কলকাতা মেডিক্যাল কলেজ)-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার এই কমিটি প্রথম বৈঠক করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বুধবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয়। তারই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টোয় হাসপাতাল চত্বরে জমায়েতের ডাক দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ওই জমায়েতে সাধারণ মানুষকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয় ব্যানার ছাড়াই সমস্ত সংগঠন সেখানে যোগ দিতে পারবে। যদিও বৃষ্টির জেরে হাসপাতাল চত্বরের পরিবর্তে মেডিক্যালের জেনারেল লেকচার থিয়েটার হলে জমায়েত হয়। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ‘অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স’, ‘মেডিক্যাল সার্ভিস সেন্টার’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’-এর মতো চিকিৎসক সংগঠনগুলি।

Sumit Chakraborty: