কলকাতা, ১৬ জুলাই– অনেকদিন ধরেই চলছিল জল্পনা। এবার সেই জল্পনাকে সত্যি করেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েই সটান পৌঁছে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে। রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন। তাদের তিন জনকেই রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। এবার রাজ্যসভায় চতুর্থ নামটি হলো কোয়েল মল্লিক। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার পরে কী এবার বিজেপির দিকেই পা বাড়াবেন কোয়েল? বাকি তিনজনের মতোই তাকেও কী রাজ্যসভাতেই পাঠাবে বিজেপি। প্রসঙ্গত, ভূপেন্দ্র যাদবের হাত ধরেই তৃণমূলের ২০ জন লোকসভা সাংসদ ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন।
রাজ্যসভার যে তিনজন সাংসদ বিজেপিতে সম্প্রতি যোগ দেন এবং রাজ্যসভাতেই ফের বিজেপির টিকিট পান সেই তিনজনের সঙ্গে রাজনীতির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। কিন্তু কোয়েল মল্লিক বা তার পরিবারের সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্রই ছিল না। ছাব্বিশের নির্বাচনের আগে হঠাৎ করেই কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকের কাছে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই শোনা যায়, রাজ্যসভায় কোয়েল মল্লিককে পাঠাচ্ছে তৃণমূল। সেইমতো ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন কোয়েল। এরপরই বিধানসভা ভোটের প্রচারে তাকে নামতে হয়।গোটা রাজ্য ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন সদ্য সাংসদ হওয়া কোয়েল মল্লিক। সংসদের একটি অধিবেশনেও যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের তারকা সাংসদকে। সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে। সাংসদপদ পাওয়ার পরে সেটাই হতে পারত কোয়েলের প্রথম অধিবেশন। কিন্তু তার আগেই তিনি ইস্তফা দিলেন।
ছাব্বিশে তৃণমূলের ভরাডুবির পরে যেন পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। জুনের প্রথম দিকে রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। সেসময় কোয়েলও নিজের ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে খবর। কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। কোয়েলকে সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেন তিনি। কোয়েল অবশ্য সঙ্গে সঙ্গে দেখা করেননি। এবার দিল্লিতে গিয়ে সরাসরি নিজের ইস্তফাপত্র দিলেন এই তারকা সাংসদ। এবার তার পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার।