কলকাতা, ২১ সেপ্টেম্বর- উপনির্বাচন নিয়ে জোর তোড়জোড় শুরু করেছে কালীঘাট তৃণমূল। নির্বাচন কমিশনের দেওয়া ফুটবলার প্রতীকে এদিন দলের নতুন লোগো প্রকাশ করা হলো। যেখানে একেবারে মাঝেই রয়েছে নতুন প্রতীক ফুটবলার। একেবারে নীল প্রেক্ষাপটের উপরে সাদা হরফে বড় বড় করে লেখা রয়েছে দলের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। তার মাঝে রয়েছে জাতীয় পতাকায় থাকা তিন রং। অর্থাৎ গেরুয়া, সাদা এবং সবুজের ছোঁয়া। ইতিমধ্যে সমস্ত নেতা-কর্মীকে নতুন লোগো এবং প্রতীক নিয়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, নতুন লোগো এবং প্রতীক চেনানো। দলের নির্দেশ মেনে ইতিমধ্যে মমতাপন্থী একাধিক তৃণমূল সাংসদ এবং বিধায়ক সমাজমাধ্যমে নতুন লোগোর ছবি পোস্ট করতে শুরু করেছেন। তা বেশ সাড়াও পেয়েছে।