অনলাইন ডেস্ক, কলকাতা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদ ‘সুপ্রিম লিডার’-কে ঘিরে জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তেহরান। Ayatollah Ali Khamenei-এর উত্তরসূরি কে হবেন—সকালের পর থেকেই এই প্রশ্নে সরগরম রাজনৈতিক মহল। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সুপ্রিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে Ayatollah Alireza Arafi-কে।
ইরানের সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম লিডারের মৃত্যু হলে জরুরি ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। সে ক্ষেত্রে তিন সদস্যের একটি অন্তর্বর্তী কাউন্সিল দায়িত্ব গ্রহণ করে এবং স্থায়ী উত্তরসূরি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সেই প্রক্রিয়াই সক্রিয় হয়েছে।
কে এই আয়াতোল্লা আরাফি?
১৯৫৯ সালে জন্ম নেওয়া আয়াতোল্লা আলিরেজা আরাফি ইরানের ধর্মীয় শিক্ষাব্যবস্থার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে দেশের সেমিনারি কাঠামোর সঙ্গে যুক্ত এবং প্রভাবশালী ধর্মগুরু হিসেবে পরিচিত। এছাড়া তিনি গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সদস্য।
গার্ডিয়ান কাউন্সিল ইরানের নির্বাচনী প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা যাচাই করে এবং সংসদে পাস হওয়া আইন পর্যালোচনা করে। অন্যদিকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সুপ্রিম লিডার নির্বাচন ও তদারকির দায়িত্বে থাকে। ফলে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা আরাফির রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব স্পষ্ট।
কূটনৈতিক মহলের মতে, আরাফিকে অন্তর্বর্তী দায়িত্বে বসানোয় স্পষ্ট বার্তা মিলছে যে, ইরানে ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতেই আগ্রহী শাসকগোষ্ঠী।
খামেনেইয়ের আস্থাভাজন
বহির্বিশ্বে খুব পরিচিত না হলেও দেশের অভ্যন্তরে আরাফি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ধর্মীয় ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, খামেনেই তাঁর দক্ষতা ও যোগ্যতার উপর আস্থা রেখেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতেন।
রাজনৈতিকভাবে তিনি খুব ‘হেভিওয়েট’ না হলেও আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং ২৪টিরও বেশি বই ও বহু প্রবন্ধ রচনার জন্য তাঁর সুনাম রয়েছে।
অন্তর্বর্তী কাউন্সিলের কাঠামো
ইরানের সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তী কাউন্সিলে থাকেন—
- প্রধান বিচারপতি Gholam-Hossein Mohseni-Ejei
- প্রেসিডেন্ট Masoud Pezeshkian
- গার্ডিয়ান কাউন্সিলের প্রধান ধর্মগুরু
এই কাউন্সিলই এখন ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়া তদারকি করবে। স্থায়ী সুপ্রিম লিডার নিযুক্ত না হওয়া পর্যন্ত আয়াতোল্লা আরাফিই অন্তর্বর্তী দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।