কলকাতা, ৫ অক্টোবর– রাত পোহালেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরের এই নির্বাচনকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে প্রশাসনিক স্তরে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পদ ছেড়ে দেন শুভেন্দু অধিকারী, আবার মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক পদে ইস্তফা দেন হুমায়ুন কবীর। সেই দুই আসনেই এবার নির্বাচন।
এই উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী প্রত্যাহার করেছে মমতা তৃণমূল। সেখানে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করছে মমতার দল। এরই মধ্যে আবার তৃণমূলের বিদ্রোহী শিবির আলাদা করে দুই কেন্দ্রেই প্রার্থী দিয়েছে। আবার রেজিনগরে আমজনতা উন্নয়ন প্রার্থীর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুনের পুত্র।