শর্তসাপেক্ষে মমতাকে মিছিলের অনুমতি হাই কোর্টের

কলকাতা, ৭ জুলাই– কলকাতার রাস্তায় বুধবার মিছিল করার পরিকল্পনা করে কালীঘাট তৃণমূল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে, বুধবার, ৮ জুলাই মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন খোলা রাখতে হবে। মিছিলের জন্য আমজনতাকে সমস্যায় ফেলা যাবে না। মিছিলের সময়ও বেঁধে দিয়েছে হাই কোর্ট। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে ১,০০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না।

            বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। তবে বিদ্যুতের গতিতে পদক্ষেপ করেছে সরকার। কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই গঠন করা হয়েছে সিট। রবিবারই মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার মৃতের পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি। আর সোমবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বারুইপুর থেকে শুরু করে আরও একাধিক ইস্যুকে সামনে রেখে মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  সেই মিছিলের অনুমতি দিলেও একাধিক শর্ত বেঁধে দিল কলকাতা হাই কোর্ট।

            সোমবার নিজের বাড়ি থেকে বেরিয়ে মোমবাতি হাতে মিছিল করেছিলেন মমতা। তবে বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূলনেত্রীর মিছিল আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই বাধা টপকে, ব্যারিকেড টপকে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা এবং তাঁর সঙ্গী-অনুগামীরা। মঙ্গলবার দুপুরে মমতার তরফে বারুইপুরে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Sumit Chakraborty: