কলকাতা, ২৩ সেপ্টেম্বর- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারির দাবিতে এবার সরব হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নির্বাচন কমিশনের অন্তর্কলহ নিয়ে একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশিত হয় এক সংবাদমাধ্যমে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী অভিযোগ তুলেছেন যে, তাদের অন্ধকারে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেই ঘটনা নিয়ে তোলপাড় গোটা। এই আবহেই এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সমাজমাধ্যমে আজ মমতা বলেছেন, ‘আমাদের ভোট ফিরিয়ে দিন। বাংলার ভোট লুট করা হয়েছে। জনজাগরণ হওয়া উচিত। ডেপুটি নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা উচিত। যে যে রাজ্যে এসআইআর করে ভোট হয়েছে, সেখানে পুনর্নির্বাচনের দাবি। নতুন করে ভোটের ব্যবস্থা করতে হবে।’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন জ্ঞানেশ কুমার। আপনাকে ইমপিচমেন্ট নয়, গ্রেফতার করতে হবে। আর আপনাকে গ্রেপ্তার না করলে যুব, তরুণ, মা-বোনেরা আন্দোলনে শামিল হবেন।’ সমাজের বিভিন্ন অংশের মানুষ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও পথে নামার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ডাকলেও তিনি সেই মিছিলে যোগ দেবেন বলেও জানান জানিয়ে দেন তৃণমূলনেত্রী।
দিনকয়েক আগে নির্বাচন কমিশনের অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত কালীঘাট তৃণমূলের ঘাসফুল প্রতীক হাতছাড়া হয়েছে। সে প্রসঙ্গও টানেন মমতা। তার মতে, “আমরা প্রতিবাদ করেছি বলে আমাদের প্রতীক কেড়ে নিয়েছে। বিজেপিকে সন্তুষ্ট করেছেন জ্ঞানেশ কুমার।” বিজেপির নির্দেশে পুলিশকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তার। মমতার অভিযোগ, “আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। মিটিং করতে দিচ্ছে না। প্রতিটি মিটিংয়ের অনুমতি নিতে হচ্ছে।” যদিও এসব অভিযোগ নস্যাৎ করেছে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর দাবি, দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের জন্য বাংলা হাতছাড়া হয়েছে তৃণমূলের। প্রত্যেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি তার।