চোরবাগানের ঘটনার পর সতর্ক সরকার, কালীপুজোয় প্রতি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব

কলকাতা, ২৮ অক্টোবর– দুর্গাপুজোয় চোরবাগান সর্বজনীনের ভয়াবহ ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এগিয়ে আসছে কালীপুজো। দিন দশেক পরেই আলোর উৎসবে মাতবে বাংলা। আর সেই আলোর উৎসব যাতে অন্ধকারে পরিণত না হয়, তার জন্য আগাম সতর্ক মুখ্যমন্ত্রী। নবান্নের ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের কাঁধে জেলাভিত্তিক কালীপুজোর দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারী।

সেই নির্দেশে বলা হয়েছে, জেলাপিছু একজন করে মন্ত্রী কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখবেন। জেলা প্রশাসনের সঙ্গে ভারসাম্য রেখে সংশ্লিষ্ট জেলার খুঁটিনাটি নজরে রাখবেন মন্ত্রী। বড় জেলার ক্ষেত্রে ২ জন করে মন্ত্রীদেরও নিযুক্ত করা হতে পারে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। শুধু কালীপুজো নয়, জগদ্ধাত্রী ও ছটপুজোর ক্ষেত্রেও একই নজরদারি চায় নবান্ন।

বুধবার মন্ত্রীসভার বৈঠকে চোরবাগানের নিহতদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়। মুখ্যমন্ত্রী আগেই বার্তা দিয়েছেন, এই ঘটনায় দোষীদের কোনোভাবে আড়াল করা হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে সিটও গঠন করা হয়েছে। এবার কালীপুজোয় আগে থেকে সতর্ক থাকতে চাইছে রাজ্য প্রশাসন।

Sumit Chakraborty: