কলকাতা, ২২ জুন- বিগত এক দশকে উত্তরবঙ্গে একের পর এক নির্বাচনে টানা ভাল ফল করেছে বিজেপি। এবার সেই উত্তরবঙ্গবাসীর জন্য ঢালাও ঘোষণা রাজ্য বাজেটে। এমস, আইআইএম, আইআইটি থেকে শুরু করে নতুন বিমানবন্দরের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবার ঋণশোধের পালা। বাজেটেও তারই প্রতিফলন দেখা গিয়েছে। পূর্বতন সরকারের অন্তর্বর্তী বাজেটে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ ছিল ৯২০.১৩ কোটি টাকা। নতুন সরকার চলতি অর্থবর্ষে উত্তরবঙ্গের উন্নয়নে বরাদ্দ করেছে ১,৮২১.৫২ কোটি টাকা। উত্তরবঙ্গে পরিকাঠামোগত দিক থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, পর্যটন— প্রায় সব ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে রাজ্য বাজেটে।
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কলকাতার বাইরেও মেট্রো পরিষেবা চালু করা যায় কি না, সেই সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখতে চায় সরকার। যে দু’টি জায়গায় সরকার মেট্রো পরিষেবার বিষয়টি প্রাথমিক বিবেচনায় রেখেছে, তার মধ্যে একটি শিলিগুড়ি-জলপাইগুড়ি সম্ভাব্য মেট্রো পরিষেবা। উত্তরবঙ্গে তৈরি হবে ক্যানসার হাসপাতাল। তৈরি হবে একটি এমসও। দার্জিলিঙে তৈরি হবে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ট্রমা সেন্টার। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজ তৈরির কথাও বলা হয়েছে বাজেটে। চা শিল্পে শৃঙ্খলা ফেরাতে এবং শ্রমিকদের সুরক্ষায় নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ করেছে বর্তমান সরকার।