কলকাতা, ১৮ জুন– পুলিশ আগে তাকে তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এবার মেসি কান্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকালে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে পুলিশি জেরার মুখে পড়ের অরূপ। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী।
মেসি কান্ডে আগেই নাম জড়িয়ে অরূপ বিশ্বাসের। একাধিকবার প্রাক্তন মন্ত্রীকে তলব করলেও হাজিরা এড়ান তিনি। কোথায় তিনি আছেন তাও জানা যাচ্ছিল। অবশেষে এদিন নিজেই হাজির হন থানায়। সাংবাদিকদের প্রশ্নের মুখে অরূপ বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে আমি বাইরে কিছু বলব না। যা বলার তা আদালতেই বলব।’ কিছুটা প্রত্যয়ের সুরে তিনি তারপরেই বলেন, ‘শেষ পর্যন্ত সত্যের জয় হবেই।’ এদিন জেরার পরে বাড়ির পথই যেন হারিয়ে ফেলেছিলেন প্রাক্তন মন্ত্রী। আলিপুর হয়ে কলকাতায় নানা রাস্তা দিয়ে তার গাড়ি চক্কর কাটতে দেখা যায়। কলকাতার রাস্তায় ঘোরার ফাঁকেই তিনি আলিপুর আদালতে গিয়ে নিজের আইনজীবীদের সঙ্গেও দেখা করেন।
আলিপুর জাজেস কোর্ট চত্বরে আইনজীবীর সঙ্গে দেখা করার সময়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অরূপকে। বাইরে বেশ কিছু আইনজীবীও স্লোগান দিতে থাকেন অরূপের বিরুদ্ধে। বহিরাগত অনেকে ভিড় জমান সেখানে। তাদের অনেকের আবার দাবি, মেসিকে সেদিন দেখতে গিয়েও দেখতে পাননি। সেজন্য অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে চোর স্লোগান দেন তারা। শেষপর্যন্ত সন্ধ্যার দিকে অরূপকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মেসি-কাণ্ডের তদন্তে আগামী ২২ জুন ফের অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে। আগামী সোমবার তিনি আবারও হাজিরা দেবেন বলে নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। কলকাতা হাইকোর্ট থেকে ইতিমধ্যেই এই মামলায় আইনি সুরক্ষাকবচ পেয়ে রেখেছেন প্রাক্তন মন্ত্রী। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ অগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্তের স্বার্থে অরূপকে সবরকম সহযোগিতা করতে হবে বলেও স্পষ্ট জানিয়েছিল উচ্চ আদালত।