যাদবপুরের ঘটনায় দুঃখপ্রকাশ অর্থমন্ত্রীর

কলকাতা, ২১ আগস্ট– যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার অন্য সুর রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের গলায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে নন্দলাল বসুর তৈরি গৌরবচিহ্নের যে ক্ষতি হয়েছে তার সমালোচনায় সরব হলেন তিনি। ফেসবুক পোস্টে এক ভিডিওর মাধ্যমে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে তাতে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের ‘অসম্মান’ হয়েছে।

            বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় তার রেশ কাটেনি শুক্রবারেও। বিশ্ববিদ্যালেয়র গেটের গৌরবচিহ্নের যে ক্ষতি করা হয়েছে তার প্রতিবাদে আজও পথে নামেন বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তারই মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব স্বপন দাশগুপ্ত। ভিডিও বার্তায় তিনি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু এই প্রতীকটি তৈরি করেছিলেন, যার সঙ্গে যাদবপুরের ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই প্রতিষ্ঠান শ্রী অরবিন্দর শুরু করা ন্যাশনাল এডুকেশন আন্দোলনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই ধরনের অবমাননা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে স্বপন দাশগুপ্ত পরামর্শ দেন যে, পড়ুয়াদের নিজস্ব উপায়ে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত এবং বাইরের হস্তক্ষেপ যত কম হয়, ততই মঙ্গল। দুর্গাপূজার মতো সামাজিক উৎসবে যেভাবে দলীয় রাজনীতি জড়াতে দেওয়া হয় না, ঠিক তেমনি যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে সব রাজনৈতিক দলেরই উসকানি থেকে দূরে থাকা উচিত বলে মত প্রকাশ করেন তিনি। কোনও দলীয় বার্তা হিসেবে নয়, সম্পূর্ণ মন থেকে এই আবেদন করেছেন বলে ভিডিও বার্তায় উল্লেখ করেছেন এই বিধায়ক।

Sumit Chakraborty: