আনন্দিতা সরকার
ছোটোপর্দায় ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা অনিল কাপুরকে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নতুন একটি রিয়্যালিটি শো নিয়ে কাজ শুরু করেছেন নির্মাতারা, আর সেই অনুষ্ঠানের মুখ হিসেবে ভাবা হচ্ছে অনিলকে। জানা গিয়েছে, অনুষ্ঠানটির ধাঁচে থাকবে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ এবং ‘লাফটার শেফ’-এর কিছু উপাদান। সূত্রের দাবি, খুব শীঘ্রই অভিনেতার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুট হবে অনুষ্ঠানের প্রথম প্রোমো।
এই শো-র অন্যতম আকর্ষণ হতে চলেছে এর ভিন্ন ফরম্যাট। প্রতি সপ্তাহে নতুন প্রতিযোগীরা অংশ নেবেন এবং তাদের মধ্যে থেকে নির্বাচিত করা হবে সপ্তাহের সেরা প্রতিযোগীকে। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে একাধিক চমকও। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে প্রোমো শুটিং শেষ হলেই অনুষ্ঠানটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে বলে ইন্ডাস্ট্রি মহলে জোর জল্পনা চলছে।