কলকাতা, ৩০ জুন- ভোট পরবর্তী হিংসায় কর্মীদের পাশে দাঁড়াতে ফের শুরু হল ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সমাজমাধ্যমে তার এই কর্মসূচির ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাংলার রাজনীতিতে টানাপোড়েন শুরু হয়েছে। নিজের এই কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে আইনের শাসন আজ বিজেপির নোংরা রাজনীতির শিকার। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মৌলিক মানবাধিকারকে প্রকাশ্য দিবালোকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে।’
তবে অভিষেকের এই কর্মসূচি নতুন নয়। বাংলায় ক্ষমতায় থাকার সময়েই ‘দিদিকে বলো’র সমান্তরাল ভাবে তৃণমূল সাংগঠনিক ভাবে শুরু করেছিল ‘এক ডাকে অভিষেক’। আবার ক্ষমতা থেকে সরে যাওয়ার দু’মাসের মধ্যে সেই কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক। সমাজমাধ্যমের পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনও আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন।’ মে মাসের শেষে অভিষেক গিয়েছিলেন সোনারপুরে ‘ভোট-পরবর্তী হিংসায় নিহত’ এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। সে দিনই তাঁকে স্থানীয়দের একাংশের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ডিম ছোড়ার পাশাপাশি, তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়েছিল সোনারপুরের সরু গলিতে। হেলমেট পরে কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ফের ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি কতটা কাজে আসবে তা সময় বলবে।