ট্রেনে উঠবেন না, ইরানিদের সতর্কবার্তা ইজরায়েলের

ইরানের রেলপথে হামলার হুঁশিয়ারি

তেহরান, ৭ এপ্রিল – এবার কী ইরানের পরিবহণ পরিষেবাকে নিশানা করতে চলেছে ইজরায়েল। ইরানের বাসিন্দাদের জন্য ইজরায়েলি সেনার একটি সতর্কবার্তা সামনে আসার পরেই এই প্রশ্ন উঠেছে। মঙ্গলবার রাত ৮টার পর ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিতে ভয়ংকর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। তার মধ্যেই ইজরায়েলি সেনার তরফে ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন স্থানীয় সময় রাত ৯ টা (ভারতীয় সময় ১১ টা) পর্যন্ত কোনওভাবে ট্রেনে সফর না করেন।

            ইজরায়েলের সেনার তরফে যে বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থেই আমরা অনুরোধ করছি ইরানের সময় রাত ৯টা পর্যন্ত আপনারা দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ও কাছাকাছি থাকা রেললাইনে আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে বিপন্ন করে তুলতে পারে।’ ইরানের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মঙ্গলবার তেহরানের একটি ধর্মীয় স্থানে বোমাবর্ষণ করে আমেরিকা-ইজ়রায়েল। সেই হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ধর্মীয় স্থানটি।

            প্রসঙ্গত, হরমুজ প্রণালী না খুললে বড়সড় অভিযানের পথে নামার হুমকি দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সময়ও বেঁধে দিয়েছেন। আমেরিকার সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী নিয়ে কোনও পদক্ষেপ না করে, আলোচনার রাস্তায় না হাঁটে, তা হলে পরিস্থিতি যে আরও ভয়ানক হতে পারে, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। সেই হুঁশিয়ারির মধ্যেই এবার নতুন বার্তা দিল ইজরায়েল। রবিবার ইজরায়েলের ড্রোনের আঁতুড়ঘরে মারণ হামলা চালিয়েছে ইরান। ড্রোন কারখানায় হামলার কথা ইজরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ড্রোন নির্মাণ সংস্থার তরফে এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সংস্থার সিইও জানিয়েছেন, ইরানের হামলা কারখানা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবার পালটা ইরানের রেলপথে বড় হামলার হুঁশিয়ারি দিল ইজরায়েল। তবে এই বার্তায় যেহেতু ইজরায়েলের তরফে কোনও অঞ্চলের কথা উল্লেখ করা হয়নি, তাই দেশজুড়ে সতর্কবার্তা জারি করেছে ইরান।

Sumit Chakraborty: