বাংলায় আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্রপতি ও রাজ্যপালের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

কলকাতা, ৩ সেপ্টেম্বর- রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বাংলার রাজ্যপাল আর এন রবির সাক্ষাৎপ্রার্থী কালীঘাট তৃণমূল। পালাবদলের পর থেকেই বাংলার বিজেপির সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সরব কালীঘাট তৃণমূল। কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনওবা সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিযোগ জানাতে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, ইতিমধ্যে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

কালীঘাট তৃণমূলের অভিযোগ, রাজ্যে একের পর এক হামলা ও অশান্তির ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। গত ৩০ মে সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে নিগৃহীত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে মহুয়া মৈত্র ও সৌগত রায়ের মতো জনপ্রতিনিধিদেরও একইভাবে নিশানা করা হয়েছে।  তৃণমূল জমানায় বহুবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে তৎকালীন বিরোধী বিজেপি। সেই সময় তার প্রতিবাদে সুর চড়িয়েছে তৃণমূল। কিন্তু ক্ষমতার হাত বদল হতেই এবার সেই রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তই নিল কালীঘাট তৃণমূল।

Sumit Chakraborty: