কলকাতা, ৮ এপ্রিল – ভারতের এয়ার কন্ডিশনিং বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে কলকাতায় নতুন অফিস চালু করল ডাইকিন এয়ার কন্ডিশনিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সল্টলেকের ইকোসেন্টার বিজনেস টাওয়ারে উদ্বোধন হওয়া এই অফিস পূর্ব ভারতে সংস্থার সম্প্রসারণ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। একইসঙ্গে সংস্থাটি ২০২৬ সালের মধ্যে পূর্ব ভারত থেকে ১৮০০ কোটি টাকার রাজস্ব অর্জন এবং ৪০% বৃদ্ধির লক্ষ্য নিয়েছে।
সম্প্রতি টিআরএ রিসার্চ ডাইকিন ইন্ডিয়াকে “ভারতের সবচেয়ে বিশ্বস্ত এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ২০২৬” হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা সরাসরি গ্রাহকদের মতামতের ভিত্তিতে নির্ধারিত। এই স্বীকৃতি ব্র্যান্ডের প্রতি ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন বলে মনে করছে সংস্থা।
ডাইকিন ইন্ডিয়ার চেয়ারম্যান ও এমডি কে. জে. জাভা জানান, পূর্ব ভারতে বাজার সম্প্রসারণে সংস্থা আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে। কলকাতার নতুন অফিস সেই পরিকল্পনারই অংশ, যা বাজারে অংশীদারিত্ব বাড়াতে সাহায্য করবে। সংস্থার নতুন রেঞ্জে বিইই ২০২৬ স্টার রেটিং মানসম্পন্ন রুম এয়ার কন্ডিশনার এবং এআই ও আইওটি-সমৃদ্ধ ভিআরভি আলফা সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কুলদীপক বিরমানি বলেন, পশ্চিমবঙ্গে উপস্থিতি বাড়াতে ডাইকিন দ্রুত সম্প্রসারণে জোর দিচ্ছে। নতুন পণ্য লঞ্চ, শক্তিশালী ডিলার নেটওয়ার্ক এবং বিপণন কৌশলের মাধ্যমে বাজারে নেতৃত্ব আরও মজবুত করার পরিকল্পনা রয়েছে।
ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে গৃহস্থালি এয়ার কন্ডিশনারের বাজার ১৮–২০% পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে শহুরে ভারতের মাত্র ৭–৯% পরিবারে এসি ব্যবহার হয়, ফলে এই খাতে বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট। শক্তি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্যের চাহিদাও দ্রুত বাড়ছে।
এই প্রেক্ষাপটে ডাইকিন জানিয়েছে, তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থার ওপর জোর দিয়ে ভবিষ্যতের বাজারে নিজেদের আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে চায়।