সেবাশ্রয় নিয়ে এবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৪ জুলাই– বাংলার ক্ষমতা থেকে তৃণমূল সরে যেতেই সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। বিনামূল্যে চিকিৎসার আড়ালে বিপুল অর্থ তছরুপ, বেসরকারি নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসা সরঞ্জাম ছিনতাই এবং চরম চিকিৎসার গাফিলতিতে রোগীদের পঙ্গু হয়ে যাওয়ার মতো একাধিক মারাত্মক অভিযোগ উঠেছে। এবার সেই সেবাশ্রয় ইস্যুতে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

            বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশন চলাকালীন সেবাশ্রয় শিবিরের অনিয়ম নিয়ে একগুচ্ছ আশঙ্কাজনক তথ্য বিধানসভার কক্ষে তুলে ধরেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। তার অভিযোগ, সেবাশ্রয় শিবিরের নামে এলাকার খেলার মাঠ দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। সেই অস্থায়ী পরিকাঠামো তুলে মাঠটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ২৪ লক্ষ টাকা সরকারি তহবিল থেকে খরচ করতে হবে। গোটা বিষয়টি শোনার পরে রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ‘সেবাশ্রয় নিয়ে অত্যন্ত মারাত্মক সব অভিযোগ সামনে এসেছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে আগামিকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ইস্যুতে বিধানসভায় সরকার পক্ষের তরফ থেকে বিবৃতি দেবেন।’

            পাল্টা কালীঘাট শিবিরের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘এরা টার্গেট করছে অভিষেক বন্দোপাধ্যায়কে। যে ব্যক্তি এই সদনের সদস্য নয় তাকে টার্গেট করা যায় না। সেবাশ্রয় নিয়ে আমার স্পষ্ট ধারণা নেই। তবে একজন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে। তাহলে তাকে জবাবী ভাষণ দিতে দেওয়া হোক। তাকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানাক। সে তো সাংসদ। লোকসভায় আপনাদের লোক আছে। সেখানে প্রশ্ন করুন, যাতে সেখানে উত্তর দিতে পারে। এখানে কেন করা হচ্ছে? যে নেই তাকে বিঁধছে।’

Sumit Chakraborty: