কলকাতা, ১৪ জুলাই- মঙ্গলবার বিকেলে শ্রাবণী মেলার সূচনায় তারকেশ্বরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি জানান, এবারের এই মেলায় পুণ্যার্থীর সুবিধার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বিশেষ করে যে পথ দিয়ে তারকেশ্বরে আসনে পুণ্যার্থীরা সেই গোটা পথে যতটা সম্ভব আলোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘আগের সরকার এক চোখ দিয়ে দেখত। এই তারকেশ্বরে জলযাত্রীদের জন্য ব্যবস্থা খুব কম ছিল। এবার সেই ব্যবস্থা আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তারকেশ্বরে নয়, এবার জগন্নাথদেবের রথযাত্রাকে সুন্দরভাবে এক আধ্যাত্মিক পরিবেশে আরও বেশি বর্ণময় করার উদ্যোগ নিয়েছি। তাছাড়া শ্রাবণী মেলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যাত্রাপথে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকবে। প্রশাসন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে পুণ্যার্থীদের সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা করবে। আগামীদিনে শ্রাবণী মেলাকে জাতীয় মেলার স্থান দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। বিরাট মাপের উচ্চতা রয়েছে এই তারকেশ্বরের, আর তা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তাহলে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে বিদেশি পর্যটকদরেও পাব।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশের যোগী সরকার যেভাবে পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করেছিল, তারকেশ্বরেও শ্রাবণ মাসের প্রতি সোমবার সেই ব্যবস্থা করা হবে।