সচিনের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকার স্বাদ নিলেন ব্রিটেনের হবু রাজদম্পতি

মুম্বাই: রাজকীয় রুটিন ছেড়ে মুম্বাইয়ের রাস্তায় স্ট্রিট ফুডের স্বাদ নিতে দেখা গেল ব্রিটেনের আগামী দিনের রাজা-রানিকে। আর তাঁদের সঙ্গী খোদ সচিন তেন্ডুলকর। সোমবার বাণিজ্যনগরী মুম্বাইতে এভাবেই ধরা দিলেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট। দেশের অন্যতম পুরোনো ফটোগ্রাফি স্টুডিও হ্যামিল্টনের বাইরে, ব্যালার্ড এস্টেট এলাকায় তিনজনকে একসঙ্গে হাঁটতে এবং মুম্বাইয়ের স্থানীয় খাবারের স্বাদ নিতে দেখা যায়।
তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বাইয়ে পৌঁছেছেন উইলিয়াম এবং কেট। তাঁদের এই সফরের অন্যতম আকর্ষণ হল, এখানকার সংস্কৃতি ও রোজকার জীবনযাত্রাকে খুব কাছ থেকে চেনা। দশ বছর আগে, ২০১৬ সালের এপ্রিলে নিজেদের প্রথম ভারত সফরে এসে মুম্বাইয়ের রাস্তায় স্থানীয় শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। এক দশক পর ফের সেই মুম্বাইয়ের মাটিতেই রাজদম্পতিকে দেখা গেল কিংবদন্তি সচিনের সঙ্গে।
প্রিন্স এবং প্রিন্সেস অফ ওয়েলসের এই সফরের মূল লক্ষ্য ষষ্ঠ ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠান। ২০২০ সালে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগের খোঁজে উইলিয়াম এই পুরস্কার চালু করেন। মঙ্গলবার অর্থাৎ ১৭ নভেম্বর মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি সেরা উদ্যোগের প্রত্যেকটিকে দশ লক্ষ পাউন্ড আর্থিক পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে আলিয়া ভাট-সহ বলিউডের একাধিক তারকা এবং ব্রিটিশ পপ গ্রুপ ‘টেক দ্যাট’-এর পারফর্ম করার কথা রয়েছে। এর পাশাপাশি, ২০২৪ সালে ক্যানসারের চিকিৎসা (কেমোথেরাপি) পর্ব পার করার পর কেটের জন্য এটি প্রথম বড় মাপের বিদেশ সফর। তাই এই আগমনের গুরুত্ব অনেকটাই বেশি। সচিনের সঙ্গে আড্ডার পাশাপাশি তাঁদের মেট্রোয় চড়ে শহর ঘোরার পরিকল্পনাও রয়েছে।
মুম্বাই পর্ব মিটিয়ে বুধবার নয়াদিল্লি যাবেন উইলিয়াম ও কেট। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা। পরিচ্ছন্ন শক্তি, সুস্থায়ী পরিবহণ, উদ্ভাবন ও বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবং ব্রিটেনের মধ্যে সহযোগিতা আরও মজবুত করাই সফরের অন্যতম উদ্দেশ্য

Sumit Chakraborty: