কলকাতা, ১৬ এপ্রিল – বাংলার নারী এবং যুব সম্প্রদায়ের মন জিততে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথীর পাল্টা নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে গেরুয়া শিবির, আর সেইসব প্রকল্পে দ্বিগুণ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বুধবার মহিলাদের হাতে মাসে তিন হাজার টাকার ‘মাতৃশক্তি কার্ড’-এর ঘোষণার পরে বৃহস্পতিবার ‘যুবশক্তি ভরসা’ কার্ড প্রকাশ করল বিজেপি। আর সেই অনুষ্ঠানে হাজির থাকলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বিখ্যাত বক্সার বিজেন্দ্র সিং।
এই যুবশক্তি কার্ডের মাধ্যমে বাংলার বেকার যুবকদের মাসে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিকী হিসেবে কয়েকজন যুবকের হাতে এই ‘যুবশক্তি ভরসা’ কার্ড তুলেও দেন দুই ক্রীড়াবিদ। বিজেপির দাবি, তারা ক্ষমতায় এলে রাজ্যের বেকার যুবক-যুবতীরা মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী পাঁচ বছরে রাজ্যে এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন বিজেন্দ্র সিং। তিনি বলেন, ‘বাঙালিরা যেমন বাসি মাছ পছন্দ করেন না, ঠিক তেমনই তারা বাসি সরকারও পছন্দ করেন না। তাই যুবশক্তি ও নারীশক্তির কাছে আমার আর্জি, এবার পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিন।’ একই সুরে বাংলার যুবক যুবতীদের ভিনরাজ্যে যাওয়া নিয়ে বাংলার সরকারকে আক্রমণ করেছেন লিয়েন্ডার পেজ। তিনি বলেন, ‘যে কোনও মেট্রো শহরকে চুম্বকের মতো হতে হবে যাতে মানুষ সেখানে আসে। কিন্তু বাংলায় উল্টোটা হচ্ছে। শিল্প চলে যাচ্ছে, যুবকরা কাজ হারিয়ে ভিনরাজ্যে যাচ্ছে। এই বিষয়টা আমাকে খুব দুঃখ দিয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি।’