একমাসব্যাপী সেবা সঙ্কল্প অভিযানের আয়োজন করছে বিজেপি, ঘোষণা শমীকের

কলকাতা, ৭ সেপ্টেম্বর– প্রধানমন্ত্রীর প্রশাসনিক জীবনের নিরবচ্ছিন্ন ২৫ বছর পূর্তি এবং কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একমাসব্যাপী রাজ্যজুড়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কলকাতার একটি সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত রূপরেখা ও পরিকল্পনা তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা যোজনার আগস্টের টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকেরা। মুখ্যমন্ত্রী জানান, ১ কোটি ৪৮ লক্ষ মহিলাকে এই টাকা দেওয়া হবে। আবার নভেম্বর-ডিসেম্বরে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনের সুযোগ মিলবে।

            আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই এক মাস রাজ্যজুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচির অঙ্গ হিসেবে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দলের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের কর্মকাণ্ডকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে জেলা ও মন্ডল স্তরে এই যাত্রা পরিচালিত হবে। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় প্রতিটি বুথে ও ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও আশীর্বাদ জানানোর কর্মসূচি রয়েছে।

            তিন দিনের বিশেষ শিবিরের মাধ্যমে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনা এবং পিএম সূর্যঘর মুফ্ত বিজলি যোজনার মতো কেন্দ্র ও রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত মানুষদের চিহ্নিত করে তা নিশ্চিত করা হবে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে প্রবীণদের ডিজিটাল সহযোগিতা, নারী নিরাপত্তা সচেতনতা, জল সংরক্ষণ, জলাধার সংস্কার, বর্জ্য পদার্থ পৃথকীকরণ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহায়তা প্রদান করা হবে এই ক্যাম্পগুলির মাধ্যমে।

Sumit Chakraborty: