কলকাতা ও হাওড়ায় পুরভোটের তৎপরতা বিজেপিতে, দায়িত্বে আনা হলো সুকান্ত, তাপসকে

কলকাতা, ২৫ আগস্ট– বঙ্গে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। পুজো মিটলেই যে কলকাতা ও হাওড়া পুর নিগমের ভোট হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার কলকাতা ও হাওড়ার পুর ভোটে দলের তরফে কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ বিজেপি।

            কলকাতা পুর নিগম এলাকায় ইন-চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারকে, সহ ইন-চার্জ হচ্ছেন দলের রাজ্য সহ সভাপতি অনিন্দ্য ব্যানার্জি (রাজু)। এছাড়া আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী তাপস রায়কে এবং সহ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারিকে। আবার হাওড়া পুর নিগমের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে এবং সহকারী আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বালীর বিধায়ক সঞ্জয় কুমার সিং।

            রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে এবার বিজেপির পাখির চোখ পুরসভার ভোট। পুজোর পরেই যাতে এই ভোটপর্ব মিটিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তৎপরতাও শুরু হয়েছে। ইতিমধ্যে দুই পুর নিগমেই ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য বিধানসভায় বিল এনেছে রাজ্য সরকার। তাতে ওয়ার্ড সংখ্যাও এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।

            অন্যদিকে, রাজ্যে ক্ষমতা হস্তান্তরেও পরেও বিজেপির একাংশ নেতা ও কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি এবং নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তা নিয়েই এদিন কড়া বার্তা দিয়েছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের বিভিন্ন সাংগঠনিক হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে পাঠানো এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে দলের নীতি ‘জিরো টলারেন্স’। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, চিঠির শুরুতেই কিছু নেতাকর্মীর অনৈতিক ও ‘অনভিপ্রেত’ কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শমীক। তিনি সাফ জানিয়ে দেন, দলীয় আদর্শ ও নীতি লঙ্ঘন করে কোনও ব্যক্তি অনৈতিক কাজে জড়িয়ে পড়লে দল কোনোভাবেই তার দায়ভার গ্রহণ করবে না।    

Sumit Chakraborty: