সন্দীপ বসু- পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ ওঁরাওয়ের নির্দেশে জঙ্গলে ফিরিয়ে আনা হয়েছিল বক্সার সেই বাঘিনিকে। তারপরেও ফের অসম পাড়ি দিয়েছিল বক্সার বাঘিনি বিটিআর টিএফ-১। এবার তার গতিবিধি অসম পেরিয়ে ভুটান সীমান্তের একেবারে কাছে।
বাংলা–অসম করিডর দিয়ে ঘোরাঘুরির পর আচমকাই রবিবার রাত থেকে উত্তরমুখী হয়েছে বাঘিনিটি।
শনিবার বিকেল পর্যন্ত বক্সার বালা, জয়ন্তীর আশপাশে ঘোরাঘুরি করছিল। রবিবার সকালেও তাকে জয়ন্তীর পার্শ্ববর্তী এলাকায় দেখা গিয়েছিল। হঠাৎ করে রবিবার সূর্যাস্তের পর ঘাকসি নদী পেরোতে দেখা যায় বাঘিনিটিকে। তার থেকেই অনুমান করা হচ্ছে ভুটান সীমান্তলাগোয়া চুনিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করছে বাঘিনিটি।
আন্তর্জাতিক সীমান্ত পার করে ভুটানে প্রবেশ করলে তৈরি হতে পারে নতুন নজির। কারণ, রেডিও কলার পরানো কোনও বাঘের ভারত থেকে অন্য দেশে যাওয়ার প্রামাণ্য রেকর্ড এখনও পর্যন্ত নেই।
এর আগে ২০২৩ সালে উত্তরপ্রদেশের দুধওয়া টাইগার রিজার্ভের একটি রেডিও কলার পরানো বাঘ নেপাল সীমান্ত পার হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল।
এক্ষেত্রে এই বাঘিনিকে ভিন দেশ থেকে ফেরানো যাবে কি না, তা নিয়ে কেন্দ্রের তরফ থেকে অজস্র প্রোটোকল রয়েছে।
বক্সার বাঘিনি যে গতিতে এগোচ্ছে, তাতে ভুটানের থিবসু অভয়ারণ্যের দিকে তার এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর মঙ্গলবার সন্ধ্যা বা রাতেই সে থিবসুতে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এখন বন দফতরের কাছে একটাই রাস্তা খোলা—বাঘিনিকে সীমান্ত পার হওয়া থেকে আটকানো। কিন্তু এখানেও বন দফতরের পায়ে শিকল পরিয়ে দিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা ‘এনটিসিএ’। তাদের সাফ কথা; বাঘিনিকে কোনওভাবেই বিরক্ত করা চলবে না। বাঘিনির চলার রাস্তায় বা তার ট্র্যাকিং পয়েন্টগুলিতে রাতে সার্চলাইট ফেলা, বাজি, সাইরেন বা ঢাকঢোল বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ‘এনটিসিএ’।
পায়ের চিকিৎসা না করিয়ে এবং তাকে এনক্লোজারে না রেখে তড়িঘড়ি জঙ্গলে ছাড়ায় আগেই ‘এনটিসিএ’-এর কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল বন দফতরকে। এবার তাদের কড়া নজর রয়েছে বাঘিনির সুরক্ষা নিয়ে। এই মুহূর্তে ভুটান সীমান্তে ছ’টি কুনকি হাতি মোতায়েন করেছে রাজ্যের বন দফতর। কুনকি হাতি দিয়ে কোনও বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন না করে বাঘিনিকে যদি ভিন দেশে পাড়ি দেওয়া থেকে আটকানো যায়, সেটাই এখন লক্ষ্য বন দফতরের।
বর্তমানে রেডিও কলার ও গ্রাউন্ড ট্র্যাকিংয়ের মাধ্যমে বাঘিনির গতিবিধির উপর ২৪ ঘণ্টা নজর রাখছে ‘এনটিসিএ’।
কেন্দ্রীয় ওই সংস্থার তরফে বলা হয়েছে, বাঘিনি ভুটানে প্রবেশ করলে মনিটরিং দলের কাছে প্রধান ভরসা একমাত্র রেডিও কলারের পাঠানো লোকেশন। ফলে এখন বক্সার বাঘিনির পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে থাকা ছাড়া আর কোনও উপায় নেই বন দফতরের কাছে।