প্রাইম টাইমে দেখাতে হবে বাংলা ছবি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৪ নভেম্বর- সিনেমাহলে প্রাইম টাইমে বাংলা ছবি চালাতেই হবে, এবার এমনই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হল মালিকদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, হলগুলিতে বাংলা ছবির শো বাধ্যতামূলক।

            ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি নিয়েই বিতর্কের সূত্রপাত। এই ছবিটি রিলিজ হওয়ার পর থেকেই সাড়া ফেলেছে বক্স অফিসে। কিন্তু শুক্রবার ২৭ নভেম্বর রিলিজ করছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। যার জেরে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলার একাধিক হল-মাল্টিপ্লেক্সের মালিকরা। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই যে ছবি ইতিবাচক সাড়া ফেলেছে, একাধিক হলে ‘হাউসফুল’ শো চলছে, সেখানে হিন্দি ছবির জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’কে উৎখাত করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন উঠেছিল সর্বস্তরে। ছবির পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রীরাও এর তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি, ‘সাধক বামাক্ষ্যাপা’ যখন এত সাড়া ফেলেছে সেই সময়ে এই ছবি হল থেকে তুলে নেওয়ার কী যুক্তি। আর সেই আবহেই এবার হল মালিকদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী।

            মঙ্গলবার দুপুর ১টার এই বৈঠকে উপস্থিত ছিলেন টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশক-সহ তারকাদের অনেকেই। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদের পাশাপাশি সিনেপরিবেশক শতদীপ সাহা এবং হলমালিক অরিজিৎ দত্তরা। অন্যদিকে ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিটিংয়ে হল মালিকদের ধমক দিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, “সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না।” প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা, সেকথাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এহেন সিদ্ধান্তে খুশি এসভিএফ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রযোজনা সংস্থার মন্তব্য, “শুভেন্দু অধিকারীর জন্য আজকের পর থেকে বাংলা সিনেমা নতুন প্রাণ পেল।”    মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই যে সিনেম প্রদর্শনের জট কাটল, সেকথা জানাচ্ছেন তারকারাও।

            ৩টে থেকে ৯টা প্রাইম টাইমে চলবে বাংলা সিনেমার শো। থিয়েটার, প্রেক্ষাগৃহের শো স্লট নিয়েও আলোচনা হয় বৈঠকে, জানালেন রুদ্রনীল ঘোষ। তারকা বিধায়কের কথায়, “বাংলা সংস্কৃতি বাঁচাতে এই সরকার চিন্তাভাবনা করছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাইম টাইমেই শো চলবে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, বামাক্ষ্যাপার জন্য সবাইকে এগিয়ে আসতেই হবে। আপাতত ৫১টি শো আছে। পরে আরও বাড়বে।” প্রাক্তন রাজ্য সরকারের তরফেও একাধিকবার বাংলা সিনেমার শো বা স্লট পাওয়া নিয়ে মিটিং করা হয়েছে। পঁচিশ সালের আগস্ট মাসেই টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশকদের সঙ্গে নন্দনে বৈঠক করে মমতা সরকারের তরফে ‘৩৬৫ দিন রাজ্যের হল-মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা ছবি চালানো’র আবেদন জানানো হয়েছিল। তবে একাধিক বৈঠকের পরও সেই সমস্যার সমাধান হয়নি। তার অন্যতম প্রমাণ হালফিলের মুক্তিপ্রাপ্ত ‘সাধক বামাক্ষ্যাপা’। বাংলায় করমুক্ত ‘রামায়ণ’-এর জেরে গত ৬ নভেম্বর মুক্তির আলো দেখতে পারেনি ‘সাধক বামাক্ষ্যাপা’। এহেন মেগাবাজেট সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে পরিবর্তে ২০ নভেম্বর মুক্তির দিন নির্ধারণ করেন নির্মাতারা। গত ৩ দিনে যে সিনেমা কিনা দর্শকমহল তো বটেই এমনকী সিনেসমালোচকদের কলমেও প্রশংসা অর্জন করেছে। বাংলার মাটির গল্প, বাংলার নিজস্ব লৌকিক-অলৌকিক কাহিনি পর্দায় চাক্ষুষ করতে দলে দলে হল ভরিয়েছেন দর্শকও। এমনকী ‘বামা’বেশী সব্যসাচী চৌধুরীকে দেখে যেমন আধ্যাত্মভাবে ভেসেছেন দর্শক, তেমনই কেউ কেউ অভিনেতার পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত করেছেন ঈশ্বরজ্ঞানে। তবে বেশিরভাগ শো ‘হাউসফুল’ থাকা সত্ত্বেও হিন্দি সিনেমার জন্য মাত্র এক সপ্তাহের মধ্যেই ‘সাধক বামাক্ষ্যাপা’কে প্রেক্ষাগৃহ থেকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন হল মালিকরা। তবে মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে এই সিনেমা প্রদর্শন নিয়ে জটিলতা কাটল। 

Sumit Chakraborty: