বাংলায় ৪ মে ‘ভাগোয়া হোলি’ হবে, ঘোষণা নিতিনের

কলকাতা, ৮ এপ্রিল – আগামী ৪ মে বাংলায় ‘ভাগোয়া হোলি’ হবে বলে এদিন আলিপুরদুয়ারের সভা থেকে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আর সেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপি প্রার্থীদের জেতানোর ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

            এদিনের সভায় নিতিনের গোটা বক্তব্য জুড়ে ছিল একাধিক আশ্বাস। চা বাগানের শ্রমিকদের হাল ফেরানো, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প চালু করা থেকে চাকরি দুর্নীতিতে দোষীদের জেলে ঢোকানো, সবই ঘুরেফিরে এসেছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ভাষণে। চাকরি দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের একাধিক বিধায়ক ও মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন। সেই মামলায় তদন্ত করেছে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। পরে ধৃতদের প্রায় সকলেই জামিন পেয়েছেন। এ দিন নিতিন নবীন আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিতে যুক্তদের শাস্তি দেওয়া হবে। কারা জড়িত সেটারও পর্দাফাঁস করা হবে। একই সঙ্গে স্বচ্ছ নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি।

            প্রথম থেকেই এসআইআর-কে বিজেপি প্রচারের হাতিয়ার করেছে। সেই সুর টেনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার তোপ, ‘এসআইআর-এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের নাম কাটা হয়েছে। তাদের জন্য দিল্লি গিয়েছিলেন মমতা। কিন্তু রাজ্যে মা-বোনদের উপর অত্যাচারের সময়ে তিনি কোনও পদক্ষেপ করেননি।’ বিহারে বিজেপি জেতার পরেই নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছিলেন, এর পরে বাংলায় জয় পাওয়া তাদের পাখির চোখ। সেই সুর এ দিনও শোনা যায় নিতিন নবীনের গলায়। তার দাবি, ‘৪ মে পশ্চিমবঙ্গে হোলি হবে। ভাগোয়া হোলি হবে। এখন ন্যায়ের লড়াই হবে। ২দিনই ভোট পড়বে বিজেপির ঝুলিতে। তাহলেই এই সরকার বিদায় নেবে।’

            আগামীকাল বৃহস্পতিবার বাংলায় ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনেই তিনটি সভা করার কথা তার। সকাল সাড়ে নটায় হলদিয়ার মাখনবাবুর বাজারে সভা করবেন তিনি। তারপর আসানসোলের পোলো গ্রাউন্ড এবং বীরভূমে সভা করার কথা প্রধানমন্ত্রীর।

Sumit Chakraborty: