নয়াদিল্লি, ৪ আগস্ট– তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে ওই বৈঠকের পরে সাংসদেরা জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে তাদের সংসদীয় এলাকার কী ভাবে উন্নয়ন করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।
এর আগে নবান্নে গিয়ে পৃথক ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। তা ছাড়া সংসদীয় রাজনীতির বাইরেও এনসিপিআই-কে শক্তিশালী করতে কাকলি নানা স্তরে দূতের কাজ চালিয়ে গিয়েছেন। তবে মঙ্গলবারই প্রথমবার দলবদ্ধ ভাবে এনসিপিআই সাংসদদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু ছাড়াও মঙ্গলবারের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বঙ্গভবনের বৈঠকে মোট ২২ জন সাংসদ ছিলেন। তাঁদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ১৯ জন এনসিপিআই সাংসদ ছিলেন। এ ছাড়াও বৈঠকে হাজির ছিলেন তৃণমূলত্যাগী রাজ্যসভার তিন বিজেপি সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক।
বৈঠকের পরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটি দীর্ঘ দিন ধরে বকেয়া থাকা একটি বৈঠক ছিল, যা আজ সম্পন্ন হল। নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তা নিয়ে আমাদের মনের মধ্যে একগুচ্ছ প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রী যে ভাবে আমাদের দিকনির্দেশ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন, তাতে আমরা ভীষণ খুশি।’ সাংসদ বাপী হালদার জানান, এলাকার কোনও যোগ্য মানুষ সরকারি সামাজিক সুরক্ষা বা প্রকল্পের সুবিধা থেকে যাতে বাদ না পড়েন, তা সাংসদেরা সরাসরি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রশাসনিক জটিলতা বা আর্থিক বিষয়ের মতো সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।