এমন সর্বনাশা মনুষ্যত্ব অবমাননাকারী নির্বাচন বাংলা দেখেনি, মিট দ্য প্রেসে ব্রাত্য

কলকাতা অফিস, ২২ এপ্রিল – বাঙালির তার অস্মিতা সম্পর্কে শ্লাঘা রয়েছে, আগামীকাল প্রথম দফার ভোটে সেটাই প্রমাণ করবেন বাংলার মানুষ, আজ কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে একথাই বললেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। দাবি করলেন, এমন সর্বনাশা মনুষ্যত্ব অবমাননাকারী নির্বাচন বাংলা আগে কখনও দেখেনি।

            ব্রাত্য আজ দাবি করেছেন, বাংলায় এসআইআর হওয়ার পরে একজনও রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা যায়নি। বুধবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, ‘এবার এক অন্য নির্বাচন বাংলায় হতে চলেছে। এটা একটা গণভোট, এখানে বাংলার মানুষ ভোট দিয়ে তার পছন্দসই সরকারকে বাছবে নাকি দিল্লি তার সরকার তৈরি করবে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার ভোটের আগে যেভাবে ইডি, সিবিআই, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাংলায় কাজে লাগানো হচ্ছে তা আগে কখনও দেখা যায়নি।’

            নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, ‘একজন সমঝোতাকামী নির্বাচন কমিশনার এসেছেন। নির্বাচন ঘোষণা হতেই বাংলায় প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তন করেছে এই কমিশন, এখনও পর্যন্ত ১৪২ জন ওসিকে বদল করা হয়েছে। ৬ জন ধামাধরা পর্যবেক্ষককে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলায়।’ তবে এতোকিছুর পরেও বাংলার মানুষ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই বাংলায় নিয়ে আসবেন বলে প্রত্যয়ের সঙ্গে বলেছেন ব্রাত্য। তিনি বলেন, ‘বাঙালি তার ঐতিহ্য্ সম্পর্কে সচেতন, বাঙালির তার অস্মিতা সম্পর্কে শ্লাঘা রয়েছে, তারই প্রমাণ পাওয়া যাবে আগামীকালের প্রথম দফার ভোটে।’ বাংলার নারীরা তাদের নিরাপত্তার জন্য ভোট দেবেন বলেও মন্তব্য করেছেন ব্রাত্য বসু।

Sumit Chakraborty: