বক্স অফিসে তুফান তুলে এবার অস্কারের দৌড়ে ‘রামায়ণ’

মুম্বাই: ‘রামায়ণ’ এবার অস্কারের মঞ্চে ম্যাজিক দেখাবে! বক্স অফিসে তো এমনিতেই ঝড় তুলেছে এই ছবি। মুক্তির মাত্র ৬ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৬৭৩.৯০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর এবার সোজা ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের রেসে নাম লেখাল নীতেশ তিওয়ারির এই চর্চিত ছবি।
ভারতের অফিশিয়াল এন্ট্রি তো মারাঠি ছবি ‘গোন্ধল’। তাহলে ‘রামায়ণ’ কীভাবে গেল? আসলে, অফিশিয়াল এন্ট্রির বাইরেও অস্কারের দৌড়ে নাম লেখানোর একটা পরিষ্কার রাস্তা রয়েছে।
অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, কোনও ছবি যদি আমেরিকার নির্দিষ্ট কিছু শহরে টানা ৭ দিন সিনেমা হলে চলে, তবে সেই ছবির নির্মাতারা সরাসরি অস্কারের জন্য আবেদন করতে পারেন। ঠিক এই রাস্তাতেই হেঁটেছেন ‘রামায়ণ’-এর নির্মাতারা। তাঁরা প্রয়োজনীয় সব তথ্য দিয়ে স্বাধীনভাবে এই আবেদন জমা করেছেন। শুধু ‘রামায়ণ’ বা ‘গোন্ধল’ নয়, আরও একটি ভারতীয় ছবি এবার অস্কারের দৌড়ে আছে। নাগা ভাষার ছবি ‘আং’ টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কার জিতেছে।
ফলে নতুন নিয়ম অনুযায়ী, সরাসরি এই ছবিও অস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। অর্থাৎ, আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের সিনেমাগুলি এবার বেশ জোর টক্কর দেবে। গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই মেগাবাজেট ছবি। রণবীরকে এখানে ভগবান রামের ভূমিকায় দেখা গিয়েছে।
অন্যদিকে সীতা হয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন সুপারস্টার যশ। ভারতে ইতিমধ্যেই ৪০৩.৯৫ কোটি টাকা পকেটে পুরেছে এই ছবি। বক্স অফিসের এই বিপুল সাফল্য অস্কারের মঞ্চে কোনও প্রভাব ফেলতে পারে কি না, এখন সেটাই দেখার।

Sumit Chakraborty: