কলকাতা, ১৪ নভেম্বর- পুলিশের নোটিস হোক বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব, তিনি যে কোনোভাবে একচুলও পিছু হঠবেন না তা স্পষ্ট করে দিলেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভবানীপুর থানা থেকে বেরিয়ে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও তদন্ত এড়াননি। আগামী ২০ তারিখ গিরিশ পার্ক থানার তলবেও তিনি হাজিরা দেবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তোলেন, নারদা কাণ্ডে কোটি কোটি টাকা নিয়েও যেখানে শুভেন্দু কখনও থানায় হাজিরা দেননি, সেখানে রাজনৈতিকভাবে পেরে না উঠে তাকে বারবার হেনস্তা করা হচ্ছে।
ভবানীপুর থানায় আজ তিনি যখন ঢোকেন তখন বাইরে ‘চোর, চোর’ স্লোগান ওঠে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ভবানীপুর থানা থেকে বের হন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুজরাটিদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে শনিবার তাকে তলব করা হয়েছিল। দুপুর ১২টা ২৩ মিনিটে ভবানীপুর থানায় পৌঁছন তিনি। অভিষেক থানার মধ্যে থাকাকালীন বাইরে ‘চোর চোর’ স্লোগান ওঠে। এরপর থানার বাইরে ভিড় জমাতে দেখা যায় অভিষেকের অনুগামীদের। বিকেল সাড়ে ৪টে নাগাদ থানা থেকে বের হন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান, রাজনৈতিকভাবে না পেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। গত ২ মে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টটিতে আপত্তি জানিয়ে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদ এমন দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করতে পারেন না। তার মন্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি নষ্ট হতে পারে। তাই অভিষেকের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর ধারায় মামলা দায়ের হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয় অভিষেককে।
কালীঘাটে বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, “আমাকে যখনই ডেকেছে গিয়েছি। কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। তদন্তকারী সংস্থা যা প্রশ্ন করেছেন সব উত্তর দিয়েছি। তদন্তের স্বার্থে সব সময় হাজির হয়েছি। মিথ্যা মামলায় ডাকা হচ্ছে। গুজরাটি গ্যাং কেন বলেছি তার ব্যাখ্যাও দিয়েছি। বিজেপি মনে করে বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে। বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন অমিত মালব্য।” পাশাপাশি তিনি বলেন, “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করেছে বিজেপি। আমার বাড়ির সামনের শহিদ বেদিও ভেঙেছে। গরিব মানুষের উপর কেন? বুলডোজার চালানোর হলে আমার বাড়ির উপর চালিয়ে দিন।”
শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বলেন, “গত ৫ বছরে কেউ শুভেন্দু অধিকারীকে নাক-কান কাটা নির্লজ্জের মতো নারদায় টাকা নেওয়ার পরও একবার থানায় হাজিরা দিতে বা সিবিআইয়ের কাছে হাজিরা দিতে দেখেনি। কিন্তু আমাকে গত ৬ মাসে, রাজ্য সরকার বদলের পর ইডি, সিবিআইয়ের কাছে একাধিকবার যেতে দেখেছে।” নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমি কোনও তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে ভবিষ্যতেও যদি ডাকে, আমি যাব। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমি সহযোগিতা করব।”