উস্কানিমূলক মন্তব্যের মামলায় সাড়ে ছ’ঘণ্টা জেরা অভিষেককে

কলকাতা, ১৬ জুন – সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের মামলায় সিআইডির মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

            পূর্বনির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ কলকাতার ভবানীভবনে সিআইডি দফতরে পৌঁছন তিনি। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি দফতর থেকে বেরোন অভিষেক। নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক উস্কানিমূলক মন্তব্য করেন বলে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। আর সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় অভিষেককে। সূত্রের খবর, এই মামলার তদন্তপ্রক্রিয়া কোন পথে এগোবে এবং বক্তব্যের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট করতে ইতিমধ্যেই অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ প্রশ্নমালাও তৈরি করেন তদন্তকারীরা।

            সম্প্রতি শেষ হওয়া ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করতে গিয়ে বেশ কিছু বেলাগাম ও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূলের এই শীর্ষ সেনাপতির গলায়। তার মধ্যেই অন্যতম ছিল তার ‘ডিজে বাজানো’ সংক্রান্ত একটি নির্দিষ্ট বক্তব্য। সিআইডি-র কাছে জমা পড়া অভিযোগে বলা হয়েছে যে, অভিষেকের তৎকালীন বাচনভঙ্গি, শরীরী ভাষা এবং শব্দচয়ন আসলে উস্কানিমূলক এবং সাধারণ বিরোধী কর্মীদের প্রতি তীব্র হুমকি ছাড়া আর কিছুই নয়। এ নিয়েই মামলায় হওয়ার পরে সেই তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে।

Sumit Chakraborty: